আজ উল্টোরথ। গোটা রাজ্যের সঙ্গে ইসকন মায়াপুরেও ধুমধাম সহকারে পালিত হল উল্টোরথ। সাতদিন মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে পুজো গ্রহণের পর রথে চেপে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে ফিরলেন বলরামদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা। মায়াপুর ইসকনের রথ যাত্রায় রথ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকে সুসজ্জিত ট্যাবলো। সকাল থেকেই গোটা মায়াপুর ইসকন মন্দিরকে এক অন্যরূপে সাজানো হয়। বলরামদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। রথের রশিতে টান দেওয়ার জন্য দুর দুরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হন। বিদেশী ভক্তদেরও উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো। হরিনাম সংকীর্তন ও ভক্তি গীতি গাইতে দেখা যায় দেশী-বিদেশী ভক্তদের। এদিন মায়াপুরে ইসকনের উল্টো রথের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রথের সামনে ঝাঁটও দিতে দেখা যায় তাঁকে। এদিন তাঁর পাশে দেখা যায় জগন্নাথ সরকারকে।