২১ জুলাইয়ের মঞ্চে অখিলেশ এবং উদ্ধবের প্রতিনিধির উপস্থিতি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াই করার সিদ্ধান্ত নিলেও জাতীয় স্তরে ‘ইন্ডিয়া জোট’-এর সঙ্গেই রয়েছে তৃণমূল, একাধিকবার সেই বার্তা দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অখিলেশ যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল।
লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ পারের লক্ষ্য নিয়ে হাঁটলেও ঝুলিতে এসেছে মাত্র ২৯৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লোকসভা নির্বাচনের পরে দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনেও ধাক্কা খেয়েছে বিজেপি। সবমিলিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশ যাদবের ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন? সেই দিকে তাকিয়ে সব পক্ষ। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ভালো ফলাফল করেছে। ৪২টির মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির আসন সংখ্যা কমে ১২টি হয়েছে এবং কংগ্রেস জিতেছে ১টি আসনে। পাশাপাশি বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। ২১ জুলাই এই জয় বাংলার জনতাকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
