জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে,নতুন সাজে আসতে চলেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আরও বেশি মহিলাদের সুযোগ করে দিতে আরও বড় ভাবে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো। এইভাবে নতুন করে পথ চলার প্রথম দিনে উপস্থিত থাকবেন টলিকুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। কোয়েলের চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং রাজকীয় উপস্থিতি দিয়ে শুরু হচ্ছে ‘লাখ টাকা লক্ষ্মীলাভ’-এর নতুনভাবে পথ চলা। সম্প্রতি হয়ে গেল শোয়ের শ্যুটিং। আর সেখানেই এসে মানবিকতার দৃষ্টান্ত রেখে গেলেন কোয়েল।
মহিলারা এই শো-এ অংশগ্রহন করেন নিজেদের পায়ের মাটি শক্ত করতে। এমনই একজন মা লক্ষ্মী বুকবাঁধা আশা নিয়ে এসেছিলেন এই শো-য়ে জিতে সেই টাকা দিয়ে মেয়ের অপারেশন করাবেন। কিন্তু মানুষ ভাবে এক, বিধাতা অন্য কিছু লিখে রাখেন। দুঃখের বিষয় তিনি জিততে পারেননি, এক লাখ টাকা তিনি নিয়ে যেতে পারেননি। মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতেই তাঁর আসা, কিন্তু খেলায় তিনি হেরে যান। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি। কিন্তু কোয়েল পাশে এসে দাঁড়ান এই মহিলার।
একজন মায়ের নিজের সন্তানের অপারেশনের টাকা জোগাড় করতে না পারার যে কষ্ট তা অনুভব করেই এগিয়ে আসেন কোয়েল। শো-এর মঞ্চেই কোয়েল ওই মহিলাকে আশ্বাস দিয়ে বলেন ওঁর মেয়ের অপারেশনের যাবতীয় খরচ কোয়েল নিজে দায়িত্ব নেবেন। কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সবাই। “লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এসে এক মানবিকতার পরিচয় এঁকে দিলেন টলিকুইন।
কোয়েলের কথায়, “এই শো অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না,তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে সবার। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
