জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে (Team India) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) এবং এরপর এশিয়া কাপ (Asia Cup 2025) জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট ও এশিয়া কাপে নিয়েছিলেন ৭ উইকেট। কথা হচ্ছে দেশের ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে! কেকেআর স্টার (KKR) অজিদের বিরুদ্ধে ওডিআই দলে সুযোগ পাননি, তবে টি-২০আই দলে তাঁকে রাখা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ৩টি ওডিআই ও ৫টি টি-২০আই খেলবে দুই দেশ।
বড় মঞ্চের নায়ক বরুণ
বরুণের অভ্যাস রয়েছে বড় মঞ্চের জন্য নিজের সেরাটা বাঁচিয়ে রাখার। রহস্যময় এই যে কোনোও টুর্নামেন্টের তাঁর ব্যক্তিগত প্রতিভা প্রদর্শনের এক আকর্ষণীয় দিক তুলে ধরেছেন। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে এসে বরুণ বলেছেন, ‘যে কোনও টুর্নামেন্টে আমি খুব খারাপ ভাবে শুরু করি। যখনই কোনও নতুন টুর্নামেন্ট শুরু হয়, তখনই আমি খুব খারাপ ভাবে শুরু করি। সারা রাত অঝোরে কাঁদি। আমি ভাবি, আগামীকাল কী হবে? আমি জানি না ঠিক কী হবে। প্রতিটি টুর্নামেন্টেই এমনটা ঘটে। এই এশিয়া কাপের সময়ও আমার সঙ্গে এমনটা হয়েছিল।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় এসেই ১৩ শব্দের পোস্টে চূড়ান্ত সিদ্ধান্ত, এবার ODI থেকেও অবসর কোহলির!
বরুণের চোখে একে বুমরাই!
এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে মিতব্যয়ী বোলিং করার পর, বরুণ সম্প্রতি তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে স্থানে জায়গা করে নিয়েছেন। তবে চক্রবর্তীর ধারণা ছিল ভিন্ন। বরুণ বলছেন, ‘আমি দাবা ফলো করি। গুকেশ যখন চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তখন ও বলেছিল, আমি হয়তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সবাই জানে ম্যাগনাস কার্লসেনই বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তেমন আমি হয়তো এক নম্বরে থাকতে পারি, কিন্তু এক নম্বরে সবসময়ই জসপ্রীত বুমরা রয়েছে। সুনীল নারিন ও রশিদ খানরা আছেন। আমি ভালো করছি কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে আমার এখনও কিছুটা সময় বাকি আছে।’
এশিয়া কাপের ফাইনাল
এশিয়া কাপের ফাইনালে বরুণের পারফরম্যান্স কথা বলেছিল। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামানকে আউট করতেই ম্যাচ ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১৫ সদস্যের ওডিআই দলে তিন স্পিনারকে রেখেছে। তাঁরা হলেন- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী রবীন্দ্র জাদেজা এবং বরুণ, উভয়কেই বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল বাছার পর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলেছিন যে, অজিদের বিরুদ্ধে ভারতের তিনের বেশি স্পিন-বোলিং বিকল্পের প্রয়োজন হবে না। এবং তিন ম্যাচের সিরিজে পরীক্ষা-নিরীক্ষার খুব বেশি সুযোগ নেই।
বাদ পড়ার পর বরুণের বয়ান
ওডিআইতে বরুণকে না নেওয়ায় বিস্তর চর্চা হয়েছিল। এমনকী দল থেকে বাদ পড়ার বরুণও মুখ খুলেছিলেন। তিনি মুম্বইয়ে এক ক্রিকেট সংক্রান্ত পুরস্কার প্রদানের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে বলেছিলেন, ‘আমি প্রতিটি দলেই থাকব বলে আশা করি। কিন্তু নির্বাচকরা ঠিক কী ভাবছেন সেটা ভাবার ব্যাপার। হয়তো অস্ট্রেলিয়ার পিচে আমার কম সুযোগ আছে। এটা কেবল পিচের কন্ডিশনের উপরই নির্ভর করে। আমি যে কোনোও কিছু অনুভব করতেই পারি, কিন্তু পিচের চাহিদা সম্পূর্ণ ভিন্ন।যদি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমাকে যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে আনা হয়েছিল।’
ভারতের ওডিআই স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার) যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-২০আই স্কোয়াড: সূর্যকুমার যাদব (সি), অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: উত্তরবঙ্গের বিপর্যয়ে প্রাণ কাঁদছে মেসিরও! ‘ভক্তের ভগবান’ই এবার সর্বহারাদের ত্রাতা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
