জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির উৎসব (Diwali) শেষ হতে না হতেই শুরু ছট পুজোর আয়োজন (Chhath Puja 2025)। যথারীতি প্রস্তুতি শুরু হয়েছে। এই উৎসব মূলত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের। পশ্চিমবঙ্গেও প্রচুর বিহারী ভাই থাকায় এ রাজ্যেও ছট যথেষ্ট বর্ণিল ভাবে পালিত হয়। বিদেশের মাটিতেও উদযাপিত হয় ছট। কিন্তু, কী এই ছটপুজো? কবে শুরু এর? কীভাবে শুরু?
আরও পড়ুন: Gold Price Low: ক্রমশই নামছে সোনার দর! আজও কমল, এক ধাক্কায় অনেকটা! ভরিতে সাশ্রয় হবে…
মহাকাব্যেও
কবে শুরু বা কীভাবে শুরু তা অত স্পষ্ট ভাবে না জানা গেলেও মহাকাব্যেও মিলেছে ছটপুজোর প্রসঙ্গ। রামায়ণে লুকিয়ে ছট পুজোর ইতিহাস। সীতার ছট পুজোর ইতিহাসও আছে। রামায়ণে উল্লেখ আছে। ১৪ বছর বনবাসের পরে রাম অযোধ্যায় ফিরেছিলেন। সেই সময়ে রাবণ বধের পাপ থেকে মুক্তির জন্য় মৌদ্গল ঋষি রাম-সীতাকে তাঁর আশ্রমে আসার নির্দেশ দেন। সেখানে গিয়ে তাঁরা ছট ব্রতের সম্পর্কে জানতে পারেন। ঋষির নির্দেশে কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথি থেকে ৬ দিন সীতা ছট পুজো করেন।
ছট কীসের উৎসব?
ছট উৎসব সূর্য দেবতা এবং ছঠি মাইয়া বা মা ষষ্ঠীর (যাঁকে সূর্যের বোন মনে করা হয়) পুজো। অতি পবিত্র এই উৎসব। চার দিন ধরে উদযাপিত হয়। পৃথিবীতে টিকে থাকার জন্য সূর্যালোক জরুরি। সূর্য ছাড়া বেঁচে থাকা কঠিন। সূর্য দেবতার প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে পুজো , সেটাই ছট। অতি কঠোর আচার, সঙ্গে উপবাস পালন করা হয় এতে।
কীভাবে ছট পালিত হয়?
ছট পুজো (Chhath Puja 2025) বা ছট উৎসবটি শুরু হয় ধর্মীয় স্নান দিয়ে, পরে থাকে খুব সাধারণ খাবার গ্রহণের পালা। পরের দিন ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। সূর্যাস্তের পর দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়। তৃতীয় দিনে সাধারণত মহিলারা জলাশয়ে নদীতে বা পুকুরে সূর্যোদয়ের আগে জড়ো হন। জলে দাঁড়িয়ে তাঁরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন। সঙ্গে থাকে প্রার্থনা।
ছটের তাৎপর্য
প্রতিবারই এই চারদিনের উৎসব যতই ঘনিয়ে আসে, ছট পূজার তারিখ নিয়ে ততই কৌতূহলী হয়ে পড়েন মানুষজন। সাধারণত, কার্তিক মাসে শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত ছট উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হয়। সপ্তমী তিথিতে সকালে অর্ঘ্য দেওয়া হয়, উৎসবের সমাপ্তি উপলক্ষে। ভক্তদর মধ্যে কেউ কেউ ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস করেন। লোকবিশ্বাস, ছঠি মাইয়ার পুজো করলে ভক্তেরা স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি লাভ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
