জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash Muchhal)-এর বিয়ে স্থগিত হওয়ার পর এবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে তারকা যুগল। স্মৃতির বাবার অসুস্থতার কারণে আপাতত বিয়ে পিছিয়ে গেলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, পলাশ নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যার জেরেই নাকি তাঁদের সম্পর্ক এখন টালমাটাল। যদিও এই গুঞ্জন তীব্র আকার ধারণ করার পর, বিতর্কে নাম জড়ানো দুই কোরিওগ্রাফার নন্দিকা দ্বিবেদী (Nandika Dwivedi) এবং গুলনাজ (Gulnaaz) দুজনেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন।
নন্দিকা দ্বিবেদী শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বিবৃতি জারি করে এই বিতর্কে তাঁর নাম জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি লেখেন, “গত কয়েকদিন ধরে আমি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে আমার নাম জড়িয়ে কিছু জল্পনা দেখছি। আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার সম্পর্কে যে ধারণা তৈরি করা হচ্ছে, বিশেষত কারও সম্পর্ক ভাঙার পেছনে আমার ভূমিকা রয়েছে—এই ধারণাটি একেবারেই মিথ্যা।”
তিনি আরও বলেন, এই ভিত্তিহীন গল্প দ্রুত ছড়িয়ে পড়া এবং বিশেষ করে যাচাই না করা রেডডিট পোস্টকে সংবাদমাধ্যমগুলি যেভাবে প্রচার করছে, তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। নন্দিকা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ার কথা উল্লেখ করে বলেন, “দয়া করে বুঝুন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমার জন্য সহজ নয়। আমি আর মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে পারি না। আমার মানসিক স্বাস্থ্যে এর খারাপ প্রভাব পড়ছে।”
আরও পড়ুন- Tnusree Wedding: বিয়ে করলেন তনুশ্রী, লাস ভেগাসে জমকালো আয়োজন! পাত্র কে?
নন্দিকা হুমকি পাওয়ার কথা জানিয়ে লেখেন, “হুমকি পাওয়ায় আমি আমার অ্যাকাউন্ট প্রাইভেট করেছিলাম। মুম্বাইয়ে এসে কাজ করার জন্য আমি অনেক আত্মত্যাগ করেছি। আমি অনুরোধ করছি, দয়া করে আমার নাম এর থেকে বেশি আর ব্যবহার করবেন না। আমার এর কোনোটার সঙ্গেই কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।” অন্য কোরিওগ্রাফার গুলনাজও বিবৃতি দিয়ে জানান, পলাশ-স্মৃতির বিয়ে স্থগিত হওয়ার সঙ্গে তাঁর কোনো যোগ নেই।
পলাশ ও স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। কিন্তু ঠিক বিয়ের দিনই স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা হৃদরোগের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে দ্রুত সাঙ্গলির সার্ভহিত হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। এর একদিন পর পলাশ মুচ্ছল নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পলাশের মা পরে সংবাদমাধ্যমকে জানান যে, পলাশ স্মৃতির বাবার খুবই ঘনিষ্ঠ এবং তাঁর অসুস্থতার কারণে বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তাঁরা বিয়ে এগিয়ে নিয়ে যাবেন না বলেই সিদ্ধান্ত নেন।
বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতি মান্ধানা তাঁর ইনস্টাগ্রাম থেকে সমস্ত প্রাক-বিবাহের পোস্ট সরিয়ে দিয়েছেন। যদিও পলাশের খুড়তুতো বোন নীতি তাক ইনস্টাগ্রামে পলাশের পক্ষে সাফাই দেন এবং জানান যে পলাশ বর্তমানে সঙ্কটজনক অবস্থায় আছেন।
পাশাপাশি বিয়ে স্থগিত এবং সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হওয়ার পর, এই জুটি তাঁদের ব্যক্তিগত জীবনের সমস্ত গুজবকে দূরে রাখতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্ছল দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম বায়োতে একটি করে ‘নজর’ ইমোজি যোগ করেছেন, যা সাধারণ দৃষ্টিতে ‘কু-দৃষ্টি’ এড়াতে বা খারাপ নজর থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়। এর মাধ্যমে যেন তাঁরা বার্তা দিতে চাইলেন যে, তাঁদের সম্পর্কের এই কঠিন সময়ে তাঁরা দুজনেই একে অপরের পাশে আছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
