জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়তে চলা ভোটারের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৫০ লক্ষের গণ্ডি। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসেব বলছে, মৃত, নিখোঁজ, স্থানান্তরিত বা ভুয়ো—এমন সমস্ত ধরনের ভোটার মিলিয়ে প্রায় ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়বে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রথম ধাপ, অর্থাৎ এনুমারেশন ফর্ম আপলোডের প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশন বাদ পড়া ভোটারের পরিসংখ্যান প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে রাজ্যজুড়ে মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ জন (৭.৫৯%) ভোটারের নাম বাদ যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ব্যাপক বাদ
নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়ার সংখ্যা অত্যন্ত বেশি, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।
ভবানীপুর (মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র)
বিধানসভা কেন্দ্রমোট ভোটার (২০২৫ জানুয়ারি)- ২,০৬,২৯৫ জন
বাদ পড়া ভোটারের সংখ্যা- ৪৪,৭৮৭ জন
বাদের হার- ২১.৭১%
নন্দীগ্রাম (শুভেন্দু অধিকারীর কেন্দ্র)
বিধানসভা কেন্দ্রমোট ভোটার (২০২৫ জানুয়ারি)- ২,৭৮,২১২ জন
বাদ পড়া ভোটারের সংখ্যা- ১০,৫৯৯ জন
বাদের হার- ৩.৮১% (প্রায়)
মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়লেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রে বাদ পড়েছে মাত্র সাড়ে ১০ হাজার নাম।
কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাদের সংখ্যা
কলকাতার অন্যান্য মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতাদের কেন্দ্রেও নাম বাদ পড়ার সংখ্যা উল্লেখযোগ্য:
কলকাতা বন্দর (ফিরহাদ হাকিম): ৬৩,৭৩০ জন (রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ)
বালিগঞ্জ (বাবুল সুপ্রিয়): ৬৫,১৭১
চৌরঙ্গী (নয়না বন্দ্যোপাধ্যায়): ৭৪,৫৫৩ জন (রাজ্যের সর্বোচ্চ)
বেহালা পশ্চিম (পার্থ চট্টোপাধ্যায়): ৫২,২৪৭ জন
বেহালা পূর্ব (রত্না চট্টোপাধ্যায়): ৫৩,০৩৬ জন
কারা রয়েছেন বাদের খাতায়?
কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া এই নামগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
ভবানীপুরের পরিসংখ্যান অনুযায়ী:
নিখোঁজ ভোটার- ১৯,৪৭১ জন
স্থায়ীভাবে স্থানান্তরিত- ১২,৫৪৭ জন
মৃত ভোটার- ১০,৮৯৭ জন
ডুপ্লিকেট- ১,০৯৭ জন
অন্যান্য ৭৭৫ জন
জেলাগত ভাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ঘটনাচক্রে, গত কয়েক বছর ধরে এই জেলা রাজনৈতিক শক্তির নিরিখে রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা হিসাবেই পরিচিত। অভিষেক এই জেলারই ডায়মন্ড হারবার থেকে সাংসদ। গত লোকসভা ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল সাত লক্ষের বেশি। দক্ষিণ ২৪ পরগনায় নাম বাদ পড়েছে ৮ লক্ষ ১৬ হাজার ৪৭ জনের।
নাম বাদ গেলে কী করবেন?
খসড়া তালিকায় নাম বাদ গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন ভোটারদের চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য পর্যাপ্ত সুযোগ দিয়েছে:
নাম যাচাই (১৬ ডিসেম্বর থেকে): ভোটারেরা অনলাইনে eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিজ নিজ বিএলও (BLO) বা বিএলএ (BLA)-এর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম যাচাই করতে পারবেন।
অভিযোগের সময়সীমা: যদি কারও নাম বাদ পড়ে থাকে বা তালিকায় কোনও ত্রুটি থাকে, তবে ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানাতে হবে।
হিয়ারিং: অভিযোগের ভিত্তিতে ইআরও-রা (ERO) ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির (Hiyaring) ব্যবস্থা করবেন। এই শুনানির মাধ্যমে তথ্যপ্রমাণ যাচাই করে বিতর্কের নিষ্পত্তি করা হবে।
চূড়ান্ত তালিকা: শুনানির প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বিশেষ সতর্কতা: যে ভোটারদের নাম ‘নন-ম্যাপিং’ তালিকায় (যাঁদের বা আত্মীয়ের নাম ২০০২ সালের তালিকায় ছিল না) রয়েছে, তাঁদের সকলকেই কমিশনের তরফে হিয়ারিং-এর জন্য ডাকা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
