জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ইটস অফিসিয়াল’, আগামী ৭ ফ্রেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ। (Bangladesh T20 World Cup 2026 Row)। আইসিসি গত শনিবার জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য তাদের জাতীয় দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ড তাদের স্থলাভিষিক্ত হচ্ছে।
ক্রিকেটারদের কথা ভাবেইনি বাংলাদেশ
লিটন দাসরা ভেন্যু নির্বিশেষে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ছিলেন। তবে মহম্মদ ইউনূস সরকারের পরিচালিত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের সঙ্গে কোনও পরামর্শই নেওয়া হয়নি। বিশ্বকাপ না খেলার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে সেই দেশের সরকারই নিয়েছে। খেলোয়াড়রা নিজেদের উপেক্ষিত বোধ করায়, আইসিসির চূড়ান্ত রায়ের পর বাংলাদেশের ক্রিকেট এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে!
আরও পড়ুন: ‘জানি না বিশ্বকাপ খেলব কিনা!’ লিটনদের আঁধারে রেখেই বোর্ডের সব সিদ্ধান্ত? বিস্ফোরক অধিনায়ক
জেদ ধরে বিশ্বকাপ না খেলায় চরম অর্থনৈতিক ধাক্কা
বিশ্বকাপের গ্রুপ পর্বের অংশগ্রহণের ফি বাবদই বাংলাদেশ সম্ভবত ৩ লক্ষ থেকে ৫ লক্ষ ডলার (প্রায় ৩.৬ থেকে ৬.৭ কোটি বাংলাদেশি টাকা= ভারতীয় মুদ্রায় ২.৭ থেকে ৫.০৩ কোটি টাকা ) হারাবে। আইসিসি নিরাপত্তা সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে আশ্বাস দেওয়া সত্ত্বেও, বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল। সদস্য অংশগ্রহণ চুক্তি (এমপিএ) অনুযায়ী, কোনও বৈধ কারণ ছাড়া সফরে যেতে অস্বীকার করলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ২ মিলিয়ন ডলার (প্রায় ২৪ কোটি বাংলাদেশি টাকা= ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।
ক্রিকেটারদেরও বিরাট আর্থিক ক্ষতি
টুর্নামেন্টের রাজস্ব ভাগ থেকে বাদ পড়লে বাংলাদেশ প্রায় ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৫-৩৩০ কোটি বাংলাদেশি টাকা= ভারতীয় মুদ্রায় ২৪৩.৭৫ থেকে ২৪৮.৫ কোটি টাকা) হারাতে পারে, যা বিসিবি-র বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ। এর পাশাপাশি, ভারতীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি এবং এসএস-সহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির সঙ্গে খেলোয়াড়দের চুক্তিগুলোও পর্যালোচনার অধীনে রয়েছে। অধিনায়ক লিটন-সহ ইয়াসির রাব্বি ও মোমিনুল হকের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটাররাই এসজি-র ব্যাটে খেলেন। জানা যাচ্ছে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তই সংস্থার! দলের প্রথমসারির তারকাদের মাঠের বাইরের আয় থেকে লক্ষ লক্ষ ডলার ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন: স্রেফ ৭ দিনেই সিংহাসনচ্যুত রাজা! যাঁকে ঘাড় ধরে বার করেছিলেন মাঠের বাইরে, সেই চাপলেন মাথায়…
ভারত-বাংলাদেশ
দুই দেশের মধ্যে অবনতিশীল সম্পর্কের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে, বাংলাদেশ আইসিসিকে একাধিকবার চিঠি দিয়ে অনুরোধ করেছিল যে, তারা ভারতে যাবে না এবং তাদের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে, আইসিসি সাফ জানিয়ে দেয় যে, যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচগুলি ভারতেই খেলতে হবে। শেষ মুহূর্তে কোনও বদল সম্ভব নয়। আইসিসি টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী খেলার বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছে। কিন্তু একগুঁয়ে ইউনূসের দেশ নিজেদের অবস্থান থেকে এক চুল সরে না আসায় যা হওয়ার তাই হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
