জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধ্যাত্মিকতা ও সুরের মেলবন্ধনে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন দলাই লামা। প্রথমবার গ্র্যামি পেলেন তিনি। এই বছরের গ্র্যামি মঞ্চে শ্রেষ্ঠ অডিও বুক নির্বাচিত হয়েছে তাঁর কণ্ঠ ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের আবহে তৈরি অ্যালবাম ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’। পুরস্কার জয়ের পর দলাই লামা জানান, এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং এটি মানবতার প্রতি আমাদের যৌথ দায়বদ্ধতার স্বীকৃতি।
এই অ্যালবামে দলাই লামার কণ্ঠে ধ্বনিত হয়েছে সচেতনতা, করুণা, বিশ্বশান্তি এবং পরিবেশ রক্ষার কথা। ইউটিউবে সম্প্রচারিত এই অনুষ্ঠানে তাঁর হয়ে পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট। এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী তালিকায় ছিলেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন এবং জনপ্রিয় সঞ্চালক ট্রেভর নোয়াহর মতো ব্যক্তিত্বরা।
১৯৫৯ সালে মাত্র ২৫ বছর বয়সে ছদ্মবেশে তিব্বত থেকে ভারতে পালিয়ে এসেছিলেন তেনজিন গিয়াতসো (দলাই লামা)। দীর্ঘ ৬৬ বছরের নির্বাসিত জীবনে তিনি নিজেকে ভারতের ‘কৃতজ্ঞ অতিথি’ হিসেবে পরিচয় দেন। তাঁর সাম্প্রতিক বই ‘In Voice for the Voiceless’-এ তিনি তিব্বতের হারানো মাতৃভূমি, নির্বাসিত জীবনের যন্ত্রণা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেছেন।
বর্তমানে ভারতে প্রায় ১ লক্ষ তিব্বতী বসবাস করেন। গ্র্যামি জয়ের এই মাহেন্দ্রক্ষণে দলাই লামা পুনরায় মনে করিয়ে দিলেন, পৃথিবীর ৮০০ কোটি মানুষের মঙ্গলের জন্য করুণা ও একতা অপরিহার্য। আধ্যাত্মিক এই গুরুর শান্ত কণ্ঠস্বর আজ সুরের জাদুতে সারা বিশ্বের মানুষের হৃদয়ে এক গভীর সংযোগ তৈরি করল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
