জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবাই বলে ডাক্তার ভগবানের সমান। আর এটি প্রমান হয়েছে বহুবার। অনন্য সম্মানের এই অনুষ্ঠানে আমরা কথা বলব ঠিক এমনই এক অনন্য মানুষের অনন্য গল্প নিয়ে।
৫০ ফুট গভীর খাদ, কিন্তু এই ভয় তাঁর কাছে কিছুই নয়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে খাঁদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়িতে ঝুলে, বন্যা বিধ্বস্ত গ্রামের অসহায় মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছেন এক চিকিত্সক। এই দৃশ্য এখনও বাংলার মানুষের মানসস্পটে। তাঁর এই প্রতিভা, বিচ্ছিন্ন জনপদকে দিলেন বেঁচে থাকার আশা।
দীর্ঘ বৃষ্টিতে প্লাবিত সারা ডুয়ার্স। প্রকৃতির রুদ্ররোষে বিপন্ন জনজীবন। জলের তোড়ে নদীর বাঁধ ভেঙে গেল। বাঁধের জল ধ্বংস করে দিল ঘর বাড়ি, ভেসে গেল গবাদি পশু থেকে মানুষ। স্বজন হারার কান্না তখন গোটা ডুয়ার্স জুড়ে। চারিদিকে শুধু ধ্বংস আর হাহাকার। বিনা চিকিৎসায় ধুঁকছে মানুষ, অন্তঃসত্ত্বা মা যন্ত্রনায় কাতরাচ্ছে। রাস্তা নেই, খাবার নেই, পথ্য নেই। বিনা চিকিৎসায় ধুঁকছে মানুষ। ঠিক তখনই ঈশ্বরের দূতের মতো মানুষের পাশে দাঁড়ালেন এক চিকিত্সক।
চিকিত্সক ও তাঁর নেতৃত্বে মেডিকেল টিম গভীর রাতে গাঠিয়া নদীর উত্তাল স্রোত পেরিয়ে খেরকাটা গ্রামের মুমূর্ষ অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে পৌঁছে দিলেন হাসপাতালে। এক মায়ের মুখে হাসি ফোটানোর সঙ্গে পৃথিবীর আলো দেখল এক নবজাতক। মানুষের প্রাণ বাঁচানোর জেদ থাকলে মৃত্যুকেও উপেক্ষা করা যায়, সেটি প্রমান করে দিলেন তিনি।
তিনি ডা. মোল্লা ইরফান হোসেন। তাঁর নেতৃত্বে ঐদিন আরো সাতজন প্রসূতিকেও উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডা. ইরফান এর কাছে চিকিৎসা মানে শুধু প্রেস্কিপসনে ওষুধ লেখা নয়, বরং রোগীর পাশে দাঁড়ানো, ভরসা দেওয়া এবং সাহস জোগানো।
চিকিৎসা পরিষেবায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি ২৪ ঘন্টা অনন্য সম্মান ১৪৩২-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত ডঃ মোল্লা ইরফান হোসেন। তাঁকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
