শুভপম সাহা: ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ক্যালেন্ডার মিলিয়ে ঠিক তিন মাস একদিন পর, শনিবার বাংলার প্রাণের স্টেডিয়াম যুবভারতী ফিরল যুবভারতীতে….
মেসি কাণ্ডের জেরে বিবেকানন্দের নামাঙ্কিত দেশের ঐতিহ্যবাহী মাঠ যেভাবে আক্রান্ত হয়েছিল, তাতে ক্ষতে প্রলেপ পড়েছে বেশ অনেকটাই, তবে আঘাতের জায়গায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে|
শনি বিকেলের মাঠমুখী দর্শকদের উদ্ধৃত করে বলতেই হয়, ‘অবশেষে ফুটবল আমাদের মাঠে ফিরল, এটাই আনন্দের|’ যুবভারতীর কামব্যাক হল আক্ষরিক প্রেমদিবসেই|
বাঙালির আইএসএল প্রেমের বোধন হল চাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ দিয়ে| গতবার কেরালা ১৩ দলীয় লড়াই আটে শেষ করেছিল ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে|
এদিন সের্জিয়ো লোবেরার মোহনবাগানের কোচ হিসেবে ডেবিউ ম্যাচ খেলালেন| ওড়িশার প্রাক্তন ম্যানেজার প্রথম একাদশ সাজান গোলে বিশাল কাইথকে রেখেই| ডিফেন্সে শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ, টেকচাম সিং ও মেহতাব সিংকে দিয়ে| মাঝমাঠে তিনি রাখলেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, রবসন সিলভা ও আপুইয়াকে| আক্রমণে ছিল লোবেরার দুই অস্ত্র- দিমি পেত্ৰাতোস ও জেমি ম্যাকলারেন|
এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য একেবারে আগ্রাসী ছিল মোহনবাগান| ডেভিড জিমেনেজের শিষ্যদের পায়ে বল প্রায় দেখাই যাচ্ছিল না| প্রথম মিনিট কুড়ি খেলায় এমনই আধিপত্য ছিল সবুজ-মেরুন ফুটবলারদের| মোহনবাগানের অধিপত্যই বলে দিচ্ছিল যে, গোল আসা স্রেফ সময়ের অপেক্ষা| ৩৬ মিনিটে অপেক্ষার অবসান হয়| দিমি বক্সের মধ্যে বল পেয়ে নিজে শট না নিয়ে ম্যাকলারেনকে স্কোয়ার পাস বাড়ান| ম্যাকলারেন তেকাঠিতে বল জড়াতে কোনও ভুলই করেননি| দিমি-জেমির যুগলবন্দিতে চলে আসে মোহনবাগানের এবং চলতি আইএসএল মরসুমের প্রথম গোল|
আরও পড়ুন-আইপিএলে UNSOLD, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে
আরও পড়ুন-প্রেম দিবসের আগেই হার্দিকের বাগানে বসন্তের ফুল, ‘আমার মহাপুরুষ’ বলে বেডরুমে হইচই রূপসী মাহিকার…
প্ৰথমার্ধে ফিফথ গিয়ারে গাড়ি ছোটানো লোবেরা বিরতির পর কিন্তু গিয়ার বদলালেন না| তবে ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও গোলের দেখা পায়নি মোহনবাগান| লোবেরার ফুটবল দর্শনের ডিএনএ-র এফসি বার্সেলোনার| টিটো ভিলানোভার প্রাক্তন সহকারি বোঝেন গুছিয়ে অ্যাটাক এবং হাই-প্রেস ফুটবল | টাইট মার্জিনে নয়, হাই মার্জিনে জিততে পছন্দ করেন ৪৯ বছরের জারাগোজার বাসিন্দা| ম্যাচ শেষের মিনিট দশেক আগে লোবেরা চার পরিবর্তন করেন| দিমি-মেহতাব-লিস্টন-ম্যালারেনদের তুলে নেন| সাহাল-মনবীর-কামিন্স-টমদের নামান| লোবেরার স্ট্র্যাটেজি নিখুঁত প্রমাণ করে দিল ৯৭ মিনিটে টমের গোল| থাপার পিনপয়েন্ট ফ্রি-কিক থেকে লাফিয়ে, মাথা ছুঁইয়ে টম স্কোরলাইন ২-০ করে জেতান মোহনবাগানকে| আর ৩০ হাজারের উপর সমর্থকদের ‘জয় মোহনবাগান’ গর্জনেই যুবভারতীতে কাঁপল…
লোবেরার কোচিংয়ে মোহনবাগান এদিন প্রচুর পাস খেলল, যা অত্যন্ত ইতিবাচক| তবে ফিনিশ করার অভাব বিস্তর ভোগাল| নাহলে মোহনবাগান আরও গোল করতে পারত| তবে প্রতিপক্ষের গোলকিপার সচিন সুরেশ রীতিমতো অভিজ্ঞ| তিনি দারুণ কিছু সেভ করলেন| মোহনবাগানের এই জয় প্রত্যাশিতই ছিল ঘরের মাঠে| ফিনিশিং আরও ভালো করতে পারলে এই দল যে ভয়ংকর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না| লোবেরার প্রথম ম্যাচে মোহনবাগান তিন পয়েন্ট তুলে আনল| মোটের উপর দল এবং কোচ ভালোই করল|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
