জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বছরের সেনসেশন বিগত এক বছর শুধুই ক্রিকেটের কারণেই খবরে এসেছে। তবে এবার বৈভব শিরোনামে আসন্ন সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার কারণে (CBSE Class 10 board examination)। আগে জানা গিয়েছিল যে, বৈভব এবার খেলাধুলো ভুলে পরীক্ষায় বসতে যাচ্ছে। তবে এখন জানা যাচ্ছে যে, অ্যাডমিট হাতে পেয়েও পরীক্ষা দেবে না সে!
কেন পরীক্ষা দেবে না বৈভব?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বৈভব সিদ্ধান্ত নিয়েছে এবার সে ক্লাস টেনের পরীক্ষায় বসবে না। লাগাতার ক্রিকেটের চাপে বৈভবের সেভাবে পড়াশোনাই করা হয়নি। ফলে পরীক্ষার জন্য সে এখন প্রস্তুত নয়। ফলে কোনও ঝুঁকি নিতে নারাজ বৈভবের পরিবার। গোটা বছরটাই বৈভবের ট্রেনিং, ক্যাম্প এবং বিভিন্ন টুর্নামেন্টেই কেটেছে। বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব। সেখানকারই মডেস্টি স্কুলের ছাত্র সে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত হতে চলা সিএবএসই ক্লাস টেনের পরীক্ষায় বৈভব বসছে না।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ ভাসবেই! আগামী কয়েক ঘণ্টায় কলম্বোয় ভয়াবহ আবহাওয়ার পূর্বাভাস, ম্যাচ রিজার্ভ-ডে’তে হবে?
বৈভবের স্কুল কী বলছে?
মডেস্টি স্কুল তাজপুরের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানিয়েছেন যে, বৈভবের পরীক্ষার ফর্ম ফিল-আপও হয়ে গিয়েছে এবং অ্যাডমিট কার্ডও সে পেয়ে গিয়েছে। পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল তার পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৈভব এই বছর মডেস্টি স্কুল থেকে ক্লাস টেনের পরীক্ষায় বসবে না। বৈভবের স্কুল তরুণ প্রতিভাদের বিশেষ সহায়তা দিয়ে থাকে। যা তাকে কঠোর প্রশিক্ষণের সময়সূচির সঙ্গে ক্রিকেটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব
বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিল আগুনে ফর্মে। ফাইনালে ব্রিটিশদের বিরুদ্ধে ১২৬ মিনিটের তাণ্ডবলীলা চালিয়েছিল। ১৫ চার এবং ১৫ ছয়ে ৮০ বলে বিস্ফোরক ১৭৫ রানের ইনিংস খেলেছিল সে। কাপযুদ্ধে ৭ ইনিংসে ৪৩৯ রান করা বৈভব টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রানশিকারি হয়েছে। এক সেঞ্চুরি, তিন হাফ-সেঞ্চুরি মিলিয়ে রেকর্ডের পর রেকর্ড করেই সে একের পর এক ইতিহাস লিখেছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব রেকর্ড ৩০টি ছয় মেরেছিল। ২০২২ সংস্করণে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ ছক্কাকে যা ছাড়িয়ে গিয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কার রেকর্ডটি বৈভবের দখলেই। এমনকী বৈভব অনূর্ধ্ব-১৯ ওডিআই-তে ভারতের শীর্ষ রানশিকারি। ২৫ ইনিংসে ৫৬.৪৮-এর গড়ে ১৪১২ রান রয়েছে। ১৬৫-র বেশি স্ট্রাইক রেট তার। চার ঞ্চুরি, সাতটি অর্ধ-শতকএবং ১৭৫ সেরা স্কোর।
কেন বৈভব সিনিয়র টিমে সুযোগ পাবে না?
গতবছর আইপিএল বিস্ফোরণ থেকে শুরু করে ইন্ডিয়া এ ও ঘরোয়া ক্রিকেটে বৈভব পাগল করা পারফর্ম করেছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবেই নিজেকে প্রমাণ করেছে। এত ভালো খেলা বৈভক কিন্তু চেয়েও সিনিয়র দলে ঢুকতে পারবে না। ২০২০ সালেই আইসিসি নিয়ম করে দিয়েছে যে, সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওডিআই, বা টি-টোয়েন্টিআই) খেলার জন্য একজন খেলোয়াড়ের বয়স কমপক্ষে ১৫ বছর হতেই হবে। নাহলে নো-এন্ট্রি সেখানে বৈভবের বয়স ১৪ বছর। আইসিসির ন্যূনতম বয়স নীতির কারণেই বৈভব আগামী ২৭ মার্চের আগে পর্যন্ত সিনিয়র ইন্ডিয়া টিমে অভিষেক করতে পারবে না।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই আফগানিস্তানের প্রত্যাহার! নবি-মুজিবদের চরম সিদ্ধান্তে তোলপাড় বিশ্বক্রিকেট…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
