জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চে মাইক হাতে গাইছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের সেই কালজয়ী গান— “আমি বাংলায় গান গাই…”। কিন্তু সুর কাটল মাঝপথেই। ধেয়ে এল ‘বাংলাদেশি’ তকমা আর চরম অপমান। তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। পর্দার চেনা ইমেজ ভেঙে মুহূর্তেই প্রতিবাদে গর্জে উঠলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “তোর যে বাবা এসব শেখাচ্ছেন, তাঁর দাদুর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তোর বাবাকে জিজ্ঞেস করবি… রাজা রামমোহন রায় কে ছিলেন?”
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি রাজনৈতিক প্রচার ভিডিওর এই দৃশ্য এখন রাজ্য রাজনীতির হট টপিক। ভিডিওর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং “বাংলায় জিতে দেখা” স্লোগানটি এক পরিষ্কার রাজনৈতিক বার্তা বহন করছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে সুদীপ্তার? তাহলে কি ভোটে দাঁড়াতে চলেছেন সুদীপ্তা?
বাস্তবেও সুদীপ্তার রাজনৈতিক যোগসূত্র বেশ মজবুত। তাঁর শাশুড়ি স্মিতা বক্সী প্রাক্তন বিধায়ক, শ্বশুর সঞ্জয় বক্সী এবং স্বামী সৌম্য বক্সীও তৃণমূলের পরিচিত মুখ। ফলে রাজনীতির অন্দরমহল তাঁর চেনা। অতীতে ইমন চক্রবর্তী বা লগ্নজিতা চক্রবর্তীর মতো শিল্পীরাও বাংলায় গান গেয়ে যে ধরণের অপমানের শিকার হয়েছিলেন, সুদীপ্তার এই ভিডিও যেন সেই ক্ষতকেই নতুন করে খুঁচিয়ে দিয়েছে।
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে সুদীপ্তা অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন। তাঁর কথায়, “এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দিইনি, তবে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইলে নিশ্চয়ই আসব।” প্রার্থী হওয়ার প্রশ্নেও তিনি বল ঠেলে দিয়েছেন দলনেত্রীর কোর্টে। তবে স্পষ্ট জানিয়েছেন, রাজনীতিতে এলেও অভিনয় ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। শিল্পের মঞ্চ থেকে রাজনীতির ময়দান— সুদীপ্তার এই রূপান্তর এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
