‘ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না’, অমিত শাহকে কটাক্ষ অভিষেকের | অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ইস্তাহারকে চিটফান্ড বলে কটাক্ষ করলেন | Abhishek Banerjee Slams BJP Election Manifesto


West Bengal

-Ritesh Ghosh

বিজেপির নির্বাচনী ইস্তেহার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতিগুলির তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির মাসিক তিন হাজার টাকা মহিলা ভাতা, কর্মসংস্থান ও কৃষকদের উন্নয়নের ঘোষণাকে ‘চিটফান্ডের প্রতিশ্রুতি পত্র’ বলে আখ্যা দিয়েছেন। অভিষেক দাবি করেন, অর্থের প্রলোভনে বাংলার মানুষের মন বদলানো সম্ভব নয়।

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি অমিত শাহ দিয়েছেন, তাকে ‘নতুন জুমলা’ বলে অভিহিত করেছেন অভিষেক। তিনি অভিযোগ করেন, বিজেপি অর্থ দিয়ে বাংলার মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসেছেন? এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্মান কিনতে এসেছেন? তিন হাজার টাকায় মানুষ বিক্রি হবে?”

তৃণমূলের এই শীর্ষ নেতা আরও বলেন, কেন্দ্র যদি ২ কোটি ৪২ লক্ষ মহিলাকে তিন হাজার টাকা করে দিতে চায়, তবে রাজ্য সরকারকে এড়িয়ে সরাসরি অর্থ দিক। কেউ তাদের বারণ করছে না। তিনি স্মরণ করিয়ে দেন, দিল্লির বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মহিলাদের আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ হয়নি।

বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান এবং মাসিক তিন হাজার টাকা সহায়তার ঘোষণার প্রেক্ষিতে অভিষেক বিজেপির করা অতীতের ঘোষণাগুলোও তুলে ধরেন। তিনি জানতে চান, গত ১২ বছরে ২৪ কোটি চাকরির প্রতিশ্রুতি কি পালন হয়েছে? তাঁর দাবি, গত ১২ বছরে কেন্দ্রীয় সরকার চাকরি দিয়েছে, পশ্চিমবঙ্গে এমন পাঁচ হাজার লোকও খুঁজে পাওয়া যাবে না।

বিজেপির ইস্তেহারে মহিলাদের নিরাপত্তার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠনের প্রতিশ্রুতিতে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের দলের নেতা-সংসদরা মা দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলে, কলকাতায় দুর্গাপুজো কমিটিগুলির বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে!”

পাশাপাশি, দশ বছর আগে প্রধানমন্ত্রীর দেওয়া কোচবিহারে ‘নারায়ণী ব্যাটালিয়ন’ তৈরির প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতির জবাবে অভিষেক দাবি করেন, ২০২৩ সালে বিজেপির নীতির কারণে দেশজুড়ে দশ হাজারের বেশি কৃষক মারা গিয়েছেন এবং বিতর্কিত কালো কৃষি আইনের জেরে সাতশোর বেশি কৃষক নিজেদের জীবন শেষ করেছেন।

রাজ্যে আলু চাষিদের সঙ্কটের জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করে তিনি প্রশ্ন তোলেন: “আপনারা যদি সত্যিই আলু কৃষকদের জন্য সাহায্য করতে চান, তাদের সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে ন’টাকার বস্তা কেন ৩০ টাকায় বিক্রি হয়? সারের দাম কেন ১৮০০ টাকা হয়? রেলমন্ত্রী কেন মালগাড়ি বন্ধ করে দেয়?”

সবশেষে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ইস্তেহারকে চিটফান্ড কোম্পানির ভুয়ো প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেন। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, বিগত ১২ বছরে যারা কথা রাখেনি, তাদের নতুন কোনও প্রতিশ্রুতিতে বাংলার মানুষ আর বিভ্রান্ত হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *