West Bengal
-Ritesh Ghosh
ভোটের দিন ফলতা বিধানসভা কেন্দ্রে দফায় দফায় অশান্তির জেরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এদিন রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই ঘোষণা করেছেন। আগামী ২১ মে গোটা ফলতা বিধানসভায় পুনরায় ভোটগ্রহণ হবে। রাজ্যের ২৯৩ আসনের ফলপ্রকাশ আগামী সোমবার প্রকাশ পেলেও, ফলতার ফলাফল স্থগিত থাকবে।
২১ মে ভোটগ্রহণের পর এই কেন্দ্রের ২৮৫টি বুথে গণনা হবে ২৪ মে। নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সাম্প্রতিক অতীতে গোটা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘটেনি, তাই এটি কমিশনের একটি নজিরবিহীন সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ২৯ মে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই দিন একাধিক বুথ থেকে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে ছিল ইভিএমে বিজেপির প্রতীক টেপ দিয়ে আটকানো, বুথে অস্বাভাবিক ভিড়, রাজনৈতিক সংঘর্ষ এবং ভোটারদের ভয় দেখানোর মতো গুরুতর ঘটনা।
এমনকী তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। এসব অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতায় পুনর্নির্বাচনের সুপারিশ করেন। তাঁর বিস্তারিত রিপোর্ট কমিশন দপ্তরে পাঠানো হয়।
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ এ ধারা অনুযায়ী, ভোটের দিন কোনও বিধানসভায় ব্যাপক গন্ডগোল ও একাধিক অসঙ্গতি দেখা দিলে নির্বাচন কমিশন গোটা কেন্দ্রে নতুন করে ভোট করাতে পারে। ফলপ্রকাশের পরও এমন পদক্ষেপ আইনত বৈধ এবং এতে আলাদা দিনে গণনা ও ফলপ্রকাশে কোনো বাধা নেই।
