গণনাকেন্দ্রে লোডশেডিং রুখতে একগুচ্ছ পরিকল্পনা নির্বাচন কমিশনের | নির্বাচন কমিশনের প্রস্তুতি: গণনাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা | EC Power Supply Plan: No Load Shedding During Counting


West Bengal

-Ritesh Ghosh

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘণ্টা। এই পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আগাম একাধিক প্রস্তুতি নিয়েছে। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এক সাংবাদিক বৈঠকে শেষ মুহূর্তের প্রস্তুতি জানান, বিশেষত গণনাকেন্দ্রের বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার ওপর জোর দেন।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ২০২১ সালের গণনাপর্বে লোডশেডিংয়ের পুরনো অভিযোগগুলি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই দফায় দফায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম (WBSEDCL) এবং সিইএসসি (CESC)-এর সঙ্গে বৈঠক করা হয়েছে।

গণনার দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলেও যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য প্রতিটি গণনাকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে, রবিবার রাতে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের সঙ্গেও তিনি এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন।

গণনাকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন নন্দীগ্রামের লোডশেডিংয়ের ঘটনা স্মরণ করিয়ে, দলের কাউন্টিং এজেন্টদের করণীয় সম্পর্কে শনিবারের ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলস্বরূপ, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেল খোদ নির্বাচন কমিশনকেও।

এদিকে, আবহাওয়া অফিস সোমবার কালবৈশাখীর আশঙ্কা প্রকাশ করেছে। সোমবার কালবৈশাখী হলে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে যাতে গণনা ব্যাহত না হয়, তার জন্য কমিশন আগাম সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *