বিজেপির শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি | ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির শপথ গ্রহণ, মোতায়েন ৪০০০ পুলিশ | BJP Swearing-in Ceremony At Brigade Parade Ground


Kolkata

-Ritesh Ghosh

আর মাত্র দু’দিন পরই বাংলার প্রশাসনিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে বিজেপির হাতে যাচ্ছে। আগামী শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই ব্রিগেডজুড়ে জোরদার প্রস্তুতি চলছে।

এই বিপুল আয়োজনকে কেন্দ্র করে ব্রিগেড ময়দানকে কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ উপলক্ষ্যে কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তার আয়োজন করেছে। গত বুধবার লালবাজারের কর্তারা এই নিয়ে একটি বৈঠক করেন। জানা গিয়েছে, ব্রিগেডের সুরক্ষায় প্রায় চার হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে।

নিরাপত্তা জোরদার করতে গোটা ব্রিগেডকে ৩০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার (ডিসি) বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদমর্যাদার পুলিশকর্তারা, যাদের সঙ্গে ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবলরা থাকবেন। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হতে পারে। পুরো ব্রিগেডের নিরাপত্তায় নেতৃত্ব দেবেন অতিরিক্ত ও যুগ্ম পুলিশ কমিশনাররা।

শপথগ্রহণে ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম সহ বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে গোটা ময়দান এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে ব্রিগেড জুড়ে পর্যাপ্ত ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর (DFMD) ও হ্যান্ড মেটাল ডিটেক্টর (HMD) থাকবে। বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ ঠেকাতে চিরুনি তল্লাশি চালানো হবে। ময়দানের আশেপাশের বহুতলের ছাদ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। ব্রিগেড জুড়ে প্রচুর সিসিটিভি ক্যামেরাও বসানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *