শুভেন্দুর কনভয়েও কাটছাঁট, জ্বালানি বাঁচাতে প্রধানমন্ত্রীর পথে হাঁটছেন বাংলার মুখ্যমন্ত্রী | নরেন্দ্র মোদির কনভয় ছোট করার সিদ্ধান্তে অনুপ্রাণিত শুভেন্দু অধিকারী | PM Narendra Modi Reduces Convoy Size For Fuel Saving


Kolkata

-Ritesh Ghosh

পশ্চিম এশিয়ায় চলমান সঙ্কটের আবহে জ্বালানি সাশ্রয়ের বৃহত্তর জাতীয় উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারি কনভয়ের গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্ত এবং জ্বালানি সাশ্রয়ের বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর নিজস্ব কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সূত্রের খবর আজ, বুধবার, ১৩ মে থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। নিরাপত্তার জন্য একান্তই যতটুকু ব্যবস্থাপনা প্রয়োজন, তার বেশি গাড়ি কনভয়ে থাকবে না বলে ইতিমধ্যে নির্দেশ পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি দেশবাসীর কাছে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর না করার আহ্বান জানিয়েছেন। আধিকারিকদের দাবি, নাগরিকদের উদ্দেশে দেওয়া তাঁর এই সংযমের বার্তা তিনি ব্যক্তিগত জীবনেও কার্যকর করতে চেয়েছেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর এই পদক্ষেপে।

এর ফলেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী গাড়ির সংখ্যা কমানো হয়েছে। হায়দরাবাদের একটি অনুষ্ঠানেই প্রথম এই ছোট কনভয় দেখা যায়। পরবর্তীতে ভদোদরা ও গুয়াহাটি সফরেও একই ব্যবস্থা বজায় রাখা হয় এবং তাঁর সাম্প্রতিক গুজরাত ও অসম সফরেও সীমিত সংখ্যক গাড়ির কনভয় পরিচালিত হয়েছে বলে সূত্রের খবর।

তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, সুরক্ষাব্যবস্থায় কোনও প্রকার আপস করা হয়নি। সমস্ত বাধ্যতামূলক নিরাপত্তা প্রোটোকল এবং এসপিজি-র নিয়মাবলী আগের মতোই কঠোরভাবে কার্যকর রয়েছে, শুধুমাত্র অপ্রয়োজনীয় গাড়ির সংখ্যা কমানো হয়েছে। মিতব্যয়ীতার এই বার্তা দিতে গিয়েও তাই নিরাপত্তার দিকটি সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে।

গত মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতে প্রধানমন্ত্রীর ভাষণ এবং একটি বিশেষ কর্মপরিকল্পনা তুলে দেয়। যেখানে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সংযমের আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজ্য সরকারগুলির কাছে পাঠানো ওই কর্মপরিকল্পনায় একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি, ভার্চুয়াল বৈঠকগুলিতে আরও বেশি জোর দেওয়া এবং সামগ্রিক শক্তি সাশ্রয়ের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *