Kolkata
-Ritesh Ghosh
কলকাতায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। শনিবার রাতে তাকে বেহালা থেকে আটক করেছে পুলিশ। পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জনপ্রতিনিধি এবং ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান হিসেবে পরিচিত সুদীপ পোল্লের এলাকায় যথেষ্ট দাপট ছিল। তার বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। রবিবার তাকে আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বেহালার শিলপাড়ার এক ব্যবসায়ী থানায় সুদীপ পোল্লের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিভিন্ন সময়ে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করতেন এবং টাকা না দিলে মারধর এমনকী দোকান ভেঙে দেওয়ারও হুমকি দিতেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। লালবাজার সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাইয়ের পরেই সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বি.এন.এস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দেন, এবং পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই অনুযায়ী, গত সাতদিনে শহর ও শহরতলিতে ৭০ জনেরও বেশি তৃণমূল নেতা-নেত্রী ও কাউন্সিলরকে আটক করা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নাম।
