Business
-Ritesh Ghosh
শুরু হতে চলেছে জুন মাস। জুন মাসে সারা দেশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে। রান্নাঘর থেকে ব্যাঙ্ক লেনদেন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম আসতে পারে। এলপিজি সিলিন্ডারের দাম, এটিএফের মূল্য, এবং সৌর প্যানেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধি এর মধ্যে অন্যতম। ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হতে চলা এমন পাঁচটি বড় পরিবর্তন এখানে আলোচনা করা হয়েছে।
এলপিজি সিলিন্ডারের মূল্যে পরিবর্তন আসবে। প্রতি মাসের প্রথম দিনেই তেল বিপণন সংস্থাগুলি এর মূল্য পুনর্বিবেচনা করে নতুন হার ঘোষণা করে। জুনের প্রথম তারিখেও এলপিজি গ্যাসের দামে পরিবর্তন দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে গত কয়েক মাসে সিলিন্ডারের দাম বেড়েছিল। বর্তমানে দিল্লিতে ১৪ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ৯১৩ টাকায় বিক্রি হচ্ছে, এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ২,০৭৮ টাকায় পাওয়া যাচ্ছে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি, তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনেই এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর মূল্যও সংশোধন করে। এর যেকোনও ওঠানামা বিমান যাত্রীদের পকেটে সরাসরি প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এটিও প্রভাবিত হয়েছে। বর্তমানে দিল্লিতে জেট ফুয়েলের দাম প্রতি কিলো লিটারে ১,০৪,৯২৭ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্কের নিয়মনীতিতে পরিবর্তন আসছে। ১ জুন, ২০২৬ থেকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের কারেন্ট অ্যাকাউন্ট সহ বিভিন্ন অ্যাকাউটের নিয়ম বদলাতে চলেছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মাসের প্রথম দিন থেকে ছোট নোট ও কয়েন নগদে জমা দেওয়ার নতুন সীমা ও চার্জ কার্যকর হবে। আগে ছোট নোট জমা করার জন্য কোনো মাসিক সীমা নির্ধারিত ছিল না, যদিও নোট জমাতে প্রায় ৪% এবং কয়েন জমাতে প্রায় ৫% চার্জ লাগত।
নতুন নিয়ম অনুযায়ী, ২০ টাকা বা তার কম মূল্যের নোটের জন্য মাসিক ১০ হাজার টাকা এবং কয়েনের জন্য মাসিক ৫ হাজার টাকা জমা দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার অতিরিক্ত নগদ জমা করলে অতিরিক্ত ২ শতাংশ চার্জ প্রযোজ্য হবে, যা কেবল অতিরিক্ত জমা করা অর্থের উপর কার্যকর হবে।
এছাড়া ১ জুন, ২০২৬ থেকে সৌর প্যানেলের জন্য অনুমোদিত মডেল ও প্রস্তুতকারক তালিকা কার্যকর করা হবে। এই তালিকা চালু হলে সরকারি প্রকল্প এবং ভর্তুকিযুক্ত উদ্যোগগুলিতে কেবল সেইসব সোলার মডিউল ও সেল ব্যবহার করতে হবে, যা এই তালিকায় অন্তর্ভুক্ত। গুণগত মান নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য, তবে এর ফলে সৌর প্যানেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি জুন মাসে ব্যাঙ্কগুলিতে একাধিক ছুটি থাকছে। মহরম থেকে সন্ত গুরু কবির জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে দেশের বিভিন্ন শহর ও রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, দ্বিতীয় ও চতুর্থ শনি-রবিবার ছাড়াও ১৫, ২৫, ২৬, ২৯ ও ৩০ জুন ব্যাঙ্কগুলিতে কাজ হবে না। উল্লেখ্য, এই ছুটির তালিকা রাজ্যভেদে ভিন্ন হলেও, ছুটির দিনগুলিতেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সবসময় চালু থাকবে।
