West Bengal
-Ritesh Ghosh
জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে এই প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছেন। ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন চলবে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা।” তাঁর মতে, “অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস।” আগের সরকারের সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “আগের সরকারের গোয়ার্তুমির জন্য আমরা পিছিয়ে পড়েছি।”

বাংলার শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে; তৎকালীন মুখ্যসচিবের অসম্মতির কারণে পূর্ববর্তী সরকার আর গণনার কাজ করেনি। শুভেন্দু অধিকারী জনগণের উদ্দেশ্যে স্পষ্ট করেন, “জনগণনার সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই। এটা আমাদের দায়বদ্ধতা।”
জনগণের সুবিধার্থে দেশব্যাপী হেল্পলাইন নম্বর ১৮৫৫, একটি ল্যান্ডলাইন (০৩৩-২৩৩৫ ৯৫০৩) এবং www.westbengal.census.gov.in ওয়েবসাইট চালু করা হয়েছে।
অনুপ্রবেশকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাঁদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।” তবে তিনি বাংলার প্রকৃত নাগরিকদের আশ্বাস দিয়েছেন, এই গণনায় তাঁদের কোনও উদ্বেগের কারণ নেই।
