Kolkata
-Ritesh Ghosh
শনিবার সোনারপুরে আক্রমণের শিকার হন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো মারধর করা হয়েছে এবং তাঁকে লক্ষ্য করে পাথর, ডিম ছোড়া হয়েছে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় হেলমেট পরিয়ে কোনওক্রমে তাঁকে ঘটনাস্থল থেকে বের করে আনা সম্ভব হয়। এরপরে সোনারপুর থেকে প্রথমে বাইপাসের এক হাসপাতালে নেওয়া হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হয়নি। তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা গুরুতর নয় বলে ফেরত পাঠানো হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শুধু তাই নয়, অভিষেককে হাসপাতালে ভর্তি না নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউ হাসপাতালের সিইও-কে হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে। যদিও ওয়ানইন্ডিয়া এর সত্যতা যাচাই করেনি।
প্রকাশিত অডিওতে থাকা কণ্ঠস্বরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করা হয়েছে। সেই ক্লিপে মমতাকে হাসপাতালের সিইওকে বলতে শোনা গিয়েছে, আপনি অন্যায় করেছেন। মনে করে দেখুন আমরা আপনাকে কতটা সাহায্য করেছি। ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না। আপনি মানুষকে ভুল পথে চালিত করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ঔদ্ধত্য সবাই মনে রাখবে।
মহিলা কণ্ঠ আরও বলেন, আপনি একটি হাসপাতাল চালাচ্ছেন, আর এখন কেন্দ্রে বিজেপি সরকার আছে। কাল যদি কেন্দ্রীয় সরকার চলে যায়, আমরা ব্যাপারটা দেখে নেব।
যদিও আগেই মমতা অভিযোগ করেছিলেন যে, অভিষেকের অবস্থা গুরুতর না হলে প্রথমে আইসিইউতে কেন রাখা হল? আর যদি গুরুতরই হয়, তবে কেন চাপের মুখে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল? সাংবাদিককদের প্রশ্নে মমতা বলেন, অভিষেকের সারা গায়ে স্পট হয়ে গিয়েছে। স্পট ডেড হয়ে যেতে পারত যদি স্থানীয়েরা হেলমেটটা না দিত। বুকের মাঝখানে, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে বলেও তিনি জানান।
পরে জানা গিয়েছে, হাসপাতালে জায়গায় না পাওয়ায় বাড়িতেই অভিষেকের চিকিৎসা চলবে। প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য সরঞ্জাম বাড়িতে রাখা হয়েছে।
