এরপর, গত ১১ ডিসেম্বর বানারহাটের প্রশাসনিক সভায় এসে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাইকোর্টের অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে মহকুমা ঘোষণার সরকারি নোটিফিকেশন। তারও আগে ১১ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পাশ হয়ে গিয়েছিল। ১২ জানুয়ারি মহকুমা ঘোষণার দাবিতে ধূপগুড়িতে অনশনে বসেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার সেই জটিলতা কেটে যায়।
মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন। এরপরেই কলকাতা হাইকোর্টের তরফে মহকুমা গড়ার ছাড়পত্র আইন দপ্তর মারফত পৌঁছে যায় রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদালতের ছাড়পত্র মেলায় নোটিফিকেশন জারি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এদিকে, বৃহস্পতিবার রাতে তৃণমূলের নব জোয়ার এক্স হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরোনো বক্তব্য পোস্ট করা হয়। যেখানে তিনি বলছেন, ‘আমি যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি শেষ পর্যন্ত সেই কথা পালন করার চেষ্টা করি।’
রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এপ্রসঙ্গে বলেন, ‘যে কারণে মহকুমা গঠনের নির্দেশিকা জারি আটকে ছিল তা মিটে গিয়েছে। মহামান্য আদালত ছাড়পত্র দেওয়ায় রাজ্য সরকার যত দ্রুত সম্ভব নোটিফিকেশন জারি করবে। বৃহস্পতিবার রাতে না হলে শুক্রবার সেটা হয়ে যাওয়ার কথা।’
