ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত করতে সোমবার চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলের আর্থিক দুর্নীতি নিয়ে সিট গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় , স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠিত হয়েছে। দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের (সেন্ট্রাল) ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। আর্থিক দুর্নীতির তদন্ত করে সরকারের কাছে একমাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।
আরজি কর কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। গত শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই। সন্দীপকে প্রায় ৫০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দফায় দফায় সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এমনকী, তাঁর বয়ানের সঙ্গে একাধিক সাক্ষীর বয়ানে অমিল রয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। ঘটনাটি কি কোনওভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? সেই সংক্রান্ত বিষয় নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ তুলেছিলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। এমনকী, তাঁর আমলে আরজি করে কাজের অভিজ্ঞতা মৃত মহিলা চিকিৎসকের খুব একটা সুখকর ছিল না বলেই জানিয়েছিলেন তরুণীর মা-বাবাও।
