জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলকাতা পুরসভায় বাজেট অধিবেশন। মেয়র ফিরহাদ হাকিম যে বাজেট পেশ করলেন, সেই বাজেটের তীব্র সমালোচনা করলেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর রত্না সুর! তাঁর সাফ কথা, ‘আমি শাসক দলের প্রতিনিধি তাই এই বাজেটকে আমাকে সমর্থন করতেই হবে’।
২০০৫, ২০১০, ২০১৫ ও ২০২১। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের পরপর চারবারের তৃণমূল কাউন্সিলর রত্না। তিনি বলেন, ‘বাজেট প্রথমেই স্থাবর সম্পত্তি ভুল থাকতে পারে বলে লেখা থাকে। কিন্তু কতবার ভুল থাকতে পারে। একাধিক সমস্যা সমাধান এখনও কেন হয়নি আমি জানি না’। রাস্তা, জল সরবাহর, নিকাশি-সহ একাধিক বিষয়ে সমালোচনার সুর তৃণমূল কাউন্সিলরের গলায়।
চলতি বছরের ডিসেম্বরেই মেয়াদ শেষ হচ্ছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের। দ্বিতীয় দফায় মেয়র হিসেবে শেষবার বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম। কবে? শুক্রবার। আজ, সোমবার বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা।
পুর-অধিবেশন তখন জবাবি ভাষণ দিচ্ছিলেন কাউন্সিলর তারক সিং। শহরের শ্মশানগুলিতে উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন। বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত অভিযোগ করেন, শ্মশানের আশপাশে পার্কিং নিয়ে সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। পিছনেই বসেছিলেন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তিনি বলে ওঠেন, ‘মীনা দেবী পুরোতিকে এক্ষুনি শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত’। এরপর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। শুরু হয় তুমুল হুইহট্টগোল। পরিস্থিতি সামাল দিয়ে ওয়েলে নেমে আসেন চেয়ারপার্সন মালা রায়, দেবাশিস কুমাররা।
মীনা দেবী পুরোহিত বলেন, ‘৩২ নম্বর তৃণমূল কাউন্সিল আমাকে বলছে, শ্মশান ঘাটে পাঠিয়ে দাও। মারা গেলে পাঠায় শ্মশান ঘাটে। আমি তো বেঁচে আছি, অধিবেশনে বসে আছি। অধিবেশনে কথা বলছি, ভাষণ দিচ্ছি। পিছন থেকে এমন খারাপ কথা বলছে। আমি তিরিশ বছর ধরে পুরসভার অধিবেশনে আসছি। ও কিছু জানে না। খালি আজেবাজে কথা বলে সবসময়’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
