West Bengal
-Ritesh Ghosh
প্রথম দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বিজেপিতে যোগ দিলেন। বিধাননগরের বিজেপি দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি দলীয় পতাকা তুলে নেন। এই দলবদল নির্বাচনের ঠিক মুখে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে অজিত মাহাতোকে প্রার্থী করায় খগেন্দ্রনাথ তৃণমূলের টিকিট পাননি। সূত্রের খবর, এরপর থেকেই তাঁর মধ্যে ক্ষোভ বাড়ে। দলের প্রার্থীর হয়ে কোনো প্রচারে তাঁকে দেখা যায়নি। এমনকি তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও তিনি অনুপস্থিত ছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে গোপীবল্লভপুরের প্রাক্তন বিধায়ক, খগেন্দ্রনাথ মাহাতো তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি একজন চিকিৎসক। চাকরি ছেড়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলাম। এই তৃণমূল দেশ ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই কোনো ভদ্রলোক এই দলে থাকতে পারেন না। ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে আমি বিজেপিতে যোগদান করলাম।”
তৃণমূল বিধায়কের যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে তিনি বিজেপিতে এসেছেন। প্রতিবেশী ওড়িশার বিজেপির সুশাসন দেখে প্রভাবিত, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত। তাঁর এই যোগদান দলের শক্তি বৃদ্ধি করবে।”
শুভেন্দু আরও স্পষ্ট করেন, “প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, প্রচারও শেষ। কালই নির্বাচন। ফলে প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই। উনি সম্পূর্ণ নিঃশর্তভাবেই আমাদের দলে যোগ দিয়েছেন। দলের আদর্শে বিশ্বাসী হয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।”
