West Bengal
-Ritesh Ghosh
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সব জেলার ভোটকেন্দ্রগুলিতে ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ভোটার আইডি কার্ড না থাকলেও কি ভোট দেওয়া যাবে? হ্যাঁ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দেওয়া সম্ভব। তবে এর জন্য দুটি শর্ত পূরণ করতে হবে: প্রথমত, ভোটারের নাম অবশ্যই সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকায় নাম নথিভুক্ত থাকতে হবে; এবং দ্বিতীয়ত, নিজের পরিচয় প্রমাণের জন্য একটি বৈধ বিকল্প সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, ছবিযুক্ত ব্যাঙ্ক/পোস্ট অফিসের পাসবই, সরকারি/পাবলিক সেক্টর সংস্থার আইডি কার্ড, মনরেগা (MNREGA) জব কার্ড, ছবি-সহ পেনশন নথি, স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড অথবা সাংসদ/বিধায়কদের সরকারি আইডি — উপরে উল্লিখিত যেকোনো একটি বৈধ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে। তবে, এর মধ্যে কোনো পরিচয়পত্রই সাথে না থাকলে ভোটদান সম্ভব নয়।
নির্বাচন কমিশনের ‘বুথ স্লিপ’ (Voter Information Slip) কোনো বৈধ পরিচয়পত্র নয়। এটি কেবল ভোটকেন্দ্র খুঁজে পেতে, সিরিয়াল নম্বর জানতে এবং বুথে ভোটারদের সহায়তা করার জন্য ব্যবহৃত হয়। পরিচিতি প্রমাণের কাজে এর কোনো আইনি বৈধতা নেই।
আপনি ভোট দিতে পারবেন কিনা, তা নিশ্চিত করতে নিজের নাম ভোটার তালিকায় যাচাই করা অত্যন্ত জরুরি। এটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (electoralsearch.eci.gov.in), Voter Helpline App, ১৯৫০ নম্বরে ফোন করে অথবা EPIC নম্বর দিয়ে SMS পাঠিয়ে জানতে পারবেন। প্রয়োজনে ভোটাররা voters.eci.gov.in বা electoralsearch.eci.gov.in থেকে অথবা ‘Voter Helpline App’ ব্যবহার করে বুথ স্লিপ ডাউনলোডও করতে পারবেন।
ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রথমে ভোটার তালিকায় নাম ও পরিচয়পত্র যাচাই করা হবে। এরপর আপনার আঙুলে কালি লাগানো হবে এবং রেজিস্টার (ফর্ম ১৭এ)-এ সই করতে হবে। সবশেষে ইভিএম-এ ভোট দেওয়ার পর ভিভিপ্যাট স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য তা দেখা যাবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা হল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
বুথ স্লিপ না পেলেও চিন্তার কিছু নেই। সাধারণত বুথ লেভেল অফিসাররা এটি বিতরণ করলেও, না পেলে অনলাইনে ডাউনলোড করা যায়। বিকল্প হিসেবে, ভোটার তালিকায় আপনার নাম থাকলে এবং সাথে একটি বৈধ পরিচয়পত্র থাকলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
