Mangalkot TMC MLA : দলের কর্মী সমর্থকদের বিশেষ পরামর্শ দিলেন মঙ্গলকোটের (Mangalkot) বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনে প্রত্যেক বছর যেমন দখল করেছিলাম, এই বছরও পঞ্চায়েতটা দখল করব।”

হাইলাইটস
- দলের কর্মী সমর্থকদের বিশেষ পরামর্শ দিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী
- দলের কর্মী সমর্থকদের সাংবাদিকদের সামনে মুখ না খোলার পরামর্শ দিয়েছেন বিধায়ক
- পঞ্চায়েত নির্বাচনে এবারও পঞ্চায়েত দখল করবেন বলে জানিয়েছেন অপূর্ব
তৃণমূলের প্রতিবাদ সভা
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা বাসস্ট্যান্ডে মঙ্গলবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাল্যগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকেই দলের কর্মী সমর্থকদের পরামর্শ দেন তিনি।
কী বলেন বিধায়ক?
বিধায়ক অপূর্ব চৌধুরী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে। লোকসভা ভোটে কেন্দ্রীয় সরকারের পতন হবেই। এর পরই তিনি বলেন, “দলে যদি কোন দুর্নীতি হয়, এলাকায় যদি কোন কুকাজ হয় তাহলে সাংবাদিকদের কাছে মুখ খুলবেন না। দলীয় নেতৃত্বকে সেই কথা জানান। কিন্তু, সাংবাদিকদের কিছু বলবেন না।” তিনি আরও বলেন, “আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রত্যেক বছর যেমন দখল করেছিলাম, এই বছরও পঞ্চায়েতটা দখল করব। কে কী বলল, কে কী করল আমার দেখার দরকার নেই। একটা গ্রামে একজনই প্রার্থী হবে। আর সেই প্রার্থী আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। আপনাদের যাদের যোগ্য বলে মনে হবে তিনি প্রার্থী হবে। কেউ-কেউ যদি বলে আমার এই নেতা ধরা আছে, একে প্রার্থী করব আপনারা নিশ্চিন্তে থাকুন তাঁকে প্রার্থী করা হবে না।”
আর বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতেই শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে। পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে বিরোধীরা। তাঁদের আশঙ্কা এবারও হয়তো আর সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। সঠিকভাবে তাঁরা প্রার্থী দিতে পারবেন না। এ প্রসঙ্গে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “উনি বলছেন একটা গ্রাম থেকে একজনই প্রার্থী হবেন। এগুলি অগণতান্ত্রিক কথাবার্তা। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাচ্ছি। একজন গণতান্ত্রিক দেশের বিধায়ক এই ধরনের কথা বলছেন। গণতন্ত্রের বিঘ্ন ঘটলে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। আগামী নির্বাচনে আমরা এর যোগ্য জবাব দেব।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
