Dilip Ghosh : ‘ছেলেবেলা থেকেই শরীরচর্চায় আগ্রহ…’, শুভেন্দু অধিকারীর ‘মর্নিং ওয়াক’ বিতর্কের মধ্যে মুখ খুললেন দিলীপ ঘোষের মা – dilip ghosh mother and brother says politician was interested towards physical activity from childhood


বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম
রাজ্য রাজনীতিতে ‘মর্নিং ওয়াক’ আর ‘রাজনীতি’-র কি ‘ঘণ্ট’ তৈরি হয়েছে? সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘প্রাতঃভ্রমণ খোঁটা’ নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। তিনি বলেছিলেন, “মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের বিবৃতি দিই না। ভেবে কথা বলি। গিমিকে বিশ্বাসী নই।” নাম না করলেও তাঁর নিশানায় রাজ্য BJP-র সহ সভাপতি, এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু, রাজনীতিতে চর্চায় আসার পরই কি ‘শরীরচর্চায়’ মনোনিবেশ দিলীপ ঘোষের? নাকি ছেলেবেলা থেকেই খেলার মাঠ দাপিয়ে বেড়াতেন তিনি? এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছেলেবেলা নিয়ে মুখ খুললেন তাঁর মা পুষ্প লতা ঘোষ।

রাজনীতির সঙ্গে সেভাবে কোনও সম্পর্ক নেই পুষ্পদেবীর। তিনি ভরা সংসার নিয়ে বসবাস করেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতে। নিজেও হাসিখুশি থাকেন, অন্যরাও যাতে ভালো থাকেন, সেই কামনা করেন তিনি। ছেলের ‘মর্নিং ওয়াক’ নিয়ে রাজ্য রাজনীতিতে কতটা হইচই, সেই বিষয়ে বিশেষ অবগত নন পুষ্পদেবী। কিন্তু, ‘ফিট অ্যান্ড ফাইন’ থাকতে ছোটবেলা থেকেই খেলাধূলোর দিকে বিশেষ আগ্রহ ছিল দিলীপ ঘোষের, জানালেন তাঁর মা। তিনি বলেন, “খেলতে ও ছোটবেলা থেকেই ভালোবাসে। গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে খেলা করত। কাবাড়ি থেকে শুরু করে দৌড়-ঝাঁপ, সবকিছুতেই ছিল পারদর্শী।” আজকের এই দুঁদে রাজনীতিবিদ পিঠে প্রেমী, জানান তাঁর মা।

Suvendu Adhikari Dilip Ghosh : ‘ভাবা যায় না…!’ দিলীপকে শুভেন্দুর কটাক্ষ নিয়ে ‘বিস্মিত’ তৃণমূল
অতীতের স্মৃতিচারণা করেছেন তাঁর দাদা হীরক কুমার ঘোষও। তিনি বলেন, “ও ক্লাস টু পর্যন্ত কুলিয়ানা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। এরপর মামাবাড়িতে যায় এবং সেখানেই স্কুল ফাইনাল পর্যন্ত পড়াশোনা করে। কিন্তু, গ্রামে এলে আমরা এক সঙ্গে আনন্দ করতাম। খেলাধূলো করতাম। ও RSS করত। যেই সময়টার কথা বলছি তখন বামেদের অত্যাচার ছিল। আমরা চার ভাই বাইরে থেকেই পড়াশোনা করেছি।”

BJP : মামলা : বই ছাপিয়ে জানাতে চাইছেন না সুকান্ত-দিলীপরা
শরীরচর্চা, খেলায় দিলীপ ঘোষের আগ্রহ প্রসঙ্গে মন্তব্য করলেন তাঁর বন্ধু বিষ্ণু পদ মহাপাত্রও। তিনি বলেন, “ও দুর্দান্ত কাবাড়ি খেলতে পারত। ওর থেকেই আমরা খেলাধূলার আগ্রহ পেয়েছিলাম। সংঘে থাকাকালীন শরীর চর্চা নিয়ে আরও উৎসাহিত হয় ও।” অর্থাৎ দিলীপ ঘোষের শরীরচর্চা নিয়ে ‘চর্চা’ চললেও তিনি বহু বছর আগে থেকেই ব্যায়াম, দৌঁড়ঝাঁপ নিয়ে আগ্রহী, স্পষ্ট জানিয়েছেন তাঁর পরিজনরা। যদিও শুভেন্দু অধিকারীর ‘মর্নিং ওয়াক’ মন্তব্যের পালটা এখনও মুখ খোলেননি দিলীপ ঘোষ। যদিও এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূলের গলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *