স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর থানার তেতুলবেড়িয়া এলাকায় এক গৃহস্থের বাড়িতে দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা ০৫ নাগাদ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন গৃহকত্রী মঞ্জু মিশ্র। তিনি বেলা ১২ টা ৪৫ নাগাদ ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে দেখেন, ঘরের তালা ভেঙে। ভেতরে ঢুকে দেখা যায় যথা সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে চোরেরা। মঞ্জু দেবী বলেন, “আমি চল্লিশ মিনিটের মধ্যে বাড়ি ফিরে এসেছি। ওইটুকু সময়ের মধ্যে কী করে এসব ঘটল বুঝতে পারছি না। এসে দেখি, গেটের তালাটা ভাঙা, ওটা ঘরের ভেতরে পড়ে রয়েছে। আলমারি লক ভাঙা। ঘরের মধ্যে সমস্ত কিছু ছড়ানো, ছিটানো অবস্থায় রয়েছে। আমার পাশের আবাসনে লোক থাকে। তাঁরাও কিছু টের পায়নি। টাকা-পয়সা সব কিছু নিয়ে চলে গিয়েছে ওরা।”
মঞ্জু দেবী জানিয়েছেন, নগদ সাত হাজার টাকা সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার হয়না চুরি করে চম্পট দেয় চোরেরা। তার ঘরের তালা ভাঙা। ঘরের মধ্যে জিনিসপত্র তছনছ হয়ে আছে। ট্যাঙ্ক ভেঙ্গে সমস্ত জিনিসপত্র নিয়ে পালায়। এরপরেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানাতে (Narendrapur Police Station)। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ওই আবাসনের নিচের অংশে একটি CCTV লাগানো আছে বলে জানা গিয়েছে। সেই CCTV-র ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে দিনে দুপুরে এরকম চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জনবহুল এলাকার মাঝে এরকম দিনের আলোয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনাটা শোনার পর থেকেই আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। আইন শৃঙ্খলার কতোটা অবনতি হয়েছে। এরকম একটা জমজমাট এলাকা থেকে দিনের আলোয় চুরি করে নিয়ে গেল কিভাবে, কেউ বুঝতেই পারলো না।” খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)।