জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজ বিরাট কোহলি (Virat Kohli) খেলছেন না। রোহিত শর্মা ও কেএল রাহুলদের মতো সিনিয়রদের সঙ্গে তিনিও সাময়িক বিশ্রামে। অস্ট্রেলিার বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে (IND vs AUS) ফের মাঠে নামবেন তিনি। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু বর্ডার-গাভাসকর সিরিজ। পূর্ণশক্তির দলই খেলাবে ভারত ও অস্ট্রেলিয়া। তিন বছরেরও বেশি সময় বিরাটের হাত থেকে টেস্ট শতরান আসেনি। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার টেস্টে তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। এই মুহূর্তে বিরাট রয়েছেন আগুনে ফর্মে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবারও জাত চেনাতে মরিয়া তিনি। আর এই কোহলি আতঙ্কেই কাঁপছে অস্ট্রেলিয়া। সাফ জানালেন ক্যাঙারু দেশের মহারথী মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)।
অজি অলরাউন্ডার স্টোইনিস কথা বলেছেন সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে। স্টোইনিস বলেন, ‘আমরা এবার আর আমাদের ট্রফি খোয়াতে চাই না। কখনই চাইনি সেটা। এবার হারলে টানা তিনবার হারব আমরা। কিন্তু এবার আর ছেড়ে দেব না। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। ভারতের ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে ওদের বিরুদ্ধে খেলা একটু কঠিন। অশ্বিন-জাদেজার মতো স্পেশালিস্ট বোলার আছে ওদের। ওরা সত্যিই ভালো বল করতে পারে। তবে আমরাও বিশেষজ্ঞ স্পিনারদের নিয়ে আসছি। ফলে ভালো প্রতিযোগিতা হবে। ‘কোহলি আতঙ্কের প্রসঙ্গে স্টোইনিস এই সাক্ষাৎকারে বলেছেন, ‘কোহলি বিশ্বমানের ব্যাটার। ও ফর্মে ফিরেছে। টেস্টেও ও অন্যতম সেরা ব্যাটারদের একজন। আমাদের জন্য আরও একবার ও বিরাট আতঙ্ক। তবে এবার ঋষভ পন্থকে খুবই মিস করব। দুর্ভাগ্যজনক ভাবে ও দলের সঙ্গে নেই। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি। জলদি ফিরে আসুক মাঠে।’ কোহলি যেভাবে রানের খরা কাটিয়ে রান বন্যায় ফিরেছেন, সেখানে আশা করাই যায় যে, অজিদের বিরুদ্ধে তিনি ঝলসাবেন। ২০০৪ সালের পর ভারতেআর টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা, ভারতের মাটিতে গত ১৪ বছরে মাত্র একটি টেস্ট জিতেছে অজিরা। তবে ১৭ বছরের খরা কাটিয়ে এবার ভারত থেকে ট্রফি নিয়ে ফিরতে মরিয়া প্যাট কামিন্সরা।
অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:
৯-১৩ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, নাগপুর
১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লি
১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালা
৯-১৩ মার্চ, চতুর্থ টেস্ট, আহমেদাবাদ
১৭ মার্চ, প্রথম ওয়ানডে, মুম্বই
১৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, বিশাখাপত্তনম
২২ মার্চ, তৃতীয় ওয়ানডে, চেন্নাই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
১৮ জনের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিঁও, ল্যান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশঁ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।