রবিবার সকালে একাধিক দাবি নিয়ে কৃষকসভার বিক্ষোভ প্রদর্শন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায়। রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার গাছশিতলা এলাকায় ঘাটাল চন্দ্রকোণা মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়।
রাস্তায় আলু ফেলে বিক্ষোভের শামিল হয় হাজারো বাম কর্মী, সমর্থকরা। এদিনের বিক্ষোভের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। বাম কর্মী সমর্থকদের দাবি, বর্তমানে মাঠের আলুর দাম ৪০০ টাকা প্রতি কুইন্টাল।
অবিলম্বে আলুর দাম বৃদ্ধি করতে হবে। বোরো চাষের জলের ব্যবস্থা করতে হবে। সহায়ক মূল্যে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে। বর্গা ও পাট্টা উচ্ছেদ করা চলবে না। এমনই একাধিক দাবি নিয়ে নিয়ে সারা ভারত কৃষক সভার চন্দ্রকোণা লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রাজ্যের যে সব জেলায় বেশি আলু উৎপাদন হয় সেই সব জেলার মধ্যে অন্যতম হল পশ্চিম মেদিনীপুর জেলা। এছাড়াও আলু চাষ করা হয় বাঁকুড়া ও হুগলি জেলাতেও। চাষিদের দাবি, কোনও জায়গায় আলু চাষিরা উপযুক্ত এবং ন্যায্য দাম পাচ্ছেন না বলেও অভিযোগ। বাড়তি দাম দিয়ে আলু বীজ কিনে চাষ করেও আলুর দাম পাচ্ছেন না কৃষকরা।
বাম নেতা রামেশ্বর দলুই বলেন, “আলু চাষিরা সঠিক দাম পাচ্ছে না। দাম ৯০০ টাকা কুইন্ট্যাল করা দরকার। দাম না পেয়ে অনেক কৃষক আত্মহত্যার সম্মুখীন হচ্ছে। আমাদের মোট সাত দফা দাবি রয়েছে। কৃষি দফতর ও স্থানীয় বিডিও যতক্ষণ না ব্যবস্থা নেবেন, আমাদের বিক্ষোভ চলবে।”
চাষিদের কাছ থেকে বর্ধিত দামে সরকারের আলু কেনার ব্যবস্থা করা, হিমঘরে কৃষকদের আলু রাখার অগ্রাধিকার দেওয়া, অন্যান্য সবজির সহায়ক মূল্যের ব্যবস্থা সহ ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী না করা নিয়েও এদিন প্রতিবাদ জানান বাম কর্মী, সমর্থকরা। বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরূদ্ধ রাখার পর পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।