শতরূপা কর্মকার: ভোজপুরি সিনেমা জগতে হঠাৎ করেই নেমে এসেছে শোকের ছায়া। রবিবার উদ্ধার হয়েছে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের প্রাণহীন দেহ। বারাণসীর একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান আত্মহত্যা করেছেন তিনি।
২৫ বছর বয়সী আকাঙ্ক্ষার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। তবে এর মাঝেই তাঁর সহকর্মী কাজল রাঘওয়ানি দাবি করেন, আকাঙ্ক্ষার মৃত্যু আত্মহত্য়া নয়। রবিবার সকালে আকাঙ্ক্ষার মৃত্যুর খবর প্রকাশ্য়ে আসার কয়েক ঘণ্টার মধ্য়েই নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে শোক প্রকাশ করেন কাজল। সহ অভিনেত্রীকে শেষ বিদায় জানান তিনি। বলেন, “আশা করি তুমি যেন সেই সকল খুশি পাও যা এখানে থাকাকালীন তুমি পাওনি।”
আরও পড়ুন: জানেন বাংলা থিয়েটারের পথিকৃৎ জন্মেছিলেন ইউক্রেনে? এ শহরে রয়েছে তাঁর নামাঙ্কিত রাস্তাও…
যদিও কাজলের ওই পোস্ট আকাঙ্ক্ষার মৃত্যুর কারণ সম্পর্কে তৈরি করেছে অনেকগুলি প্রশ্ন। তিনি আরও বলেন, “তোমার ভয়গুলি সত্য়ি ছিল আর আজ সেই ভয়ই তোমার সাহসকে হারিয়ে জিতে গেল। তোমার চিন্তার কারণগুলি তোমায় আর বিব্রত করবে না।” কাজলের ওই পোস্ট থেকেই জানা গিয়েছে কোনও বিষয় নিয়ে আকাঙ্ক্ষা খুবই চিন্তিত ছিল। এমনকী অন্য় শ্য়ুটিং-এ যাওয়ার আগে সহকর্মীদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছিলেন তিনি।
শেষে কাজল বলেন, আকাঙ্ক্ষা আত্মহত্য়া করতে পারেন তা তিনি বিশ্বাস করেন না। ভালোবাসার প্রতিদানে নিজের জীবন শেষ করে দেওয়াও উচিৎ না। হ্য়াশট্য়াগ দিয়ে তিনি লেখেন এটা আত্মহত্য়া নয়। তবে কাজলের এই কথায় আকাঙ্ক্ষার মৃত্যুর কারণে আঙুল উঠছে তাঁর প্রেমিকের দিকে। ২০২৩ সালের ভ্য়ালেন্টাইন ডে-র দিন আকাঙ্ক্ষা জানিয়েছিলেন অভিনেতা সমর সিংহকে ডেট করছেন তিনি।
আরও পড়ুন: Shah Rukh Khan: ৫ কোটির ঘড়ির পর ১০ কোটির গাড়ি কিনলেন শাহরুখ, ‘পাঠান’এর সাফল্য উদযাপনে মত্ত কিং খান
মৃত্য়ুর কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে বেলি ড্য়ান্সের একটি রিল পোস্ট করেন তিনি। তবে মৃত্য়ুর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিয়ো পরে ডিলিট করে দিলেও তা ট্য়ুইটারে ভাইরাল হয়ে যায়। তাঁর মৃত্য়ুতে পুলিস তদন্ত শুরু করেছে। তবে কাজলের এই পোস্ট ঘিরে নতুন রহস্য় ঘনীভূত হয়েছে।
এর আগে ২০১৮ সালে অভিনয় থেকে কিছু দিনের জন্য় বিরতি নিয়েছিলেন আকাঙ্ক্ষা। জানা গিয়েছে সেই সময় অবসাদে ভুগছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে পা দিয়েছিলেন। রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন কম বয়সেই। তাঁর মৃত্য়ুতে শোকাহত তাঁর অনুরাগীরাও।