এবার এই ইস্যুকে হাতিয়ার করেই মাঠে নামল বিজেপি। ঘাটাল শহর জুড়ে দেবের বিরুদ্ধে পোস্টার। অভিনেতা সাংসদ দেবের ভাইকে কাটমানি দিতে হলে সাধারণ মানুষের অবস্থা কী হচ্ছে? প্রশ্ন তুলে পোস্টার বিজেপির। বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা কেন নেওয়া হয়েছে? কেশপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা এবং দেবের কাছে উত্তর চাওয়া হয়েছে পোস্টারে। ঘাটাল শহরের পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘাটাল কলেজ, এসডিও অফিস চত্ব্বর সহ সমস্ত জায়গায় পড়েছে পোস্টার। আর এই পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল অভিনেতা দেবের সাংসদ এলাকায়।
শুধু পোস্টারিংই নয় দেবের পদত্যাগের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপিকে পাল্টা নিশানা করেছে শাসক দল তৃণমূল। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি, খেই হারিয়েছে বিজেপি। দেব কুৎসার জবাব না দিয়ে নিশ্চুপ থাকাতেই পোস্টার রাজনীতি করছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপিকে মাঠে নেমে রাজনীতি করার পরামর্শ দিচ্ছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
এই প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষেরও। বলেন, দেবের ভাই এই পরিচয়ের জন্য মিডিয়া খবর করেছে। তৃণমূলকে কাটমানি না দেওয়ায় এমন হাজার হাজার লোকের নাম কেটে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে “কাটমানি” ইস্যু যেন কোনভাবেই পিছু ছাড়ছে না শাসক দল তৃণমূলের। এবার কাটমানি তত্ত্বে অভিনেতা সাংসদ দেবের নাম জড়ানোয় শাসকদলের অস্বস্তি ক্রমেই বাড়ছে বলেই মত রাজনৈতিক মহলের।