জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আগুন লেগেছে রাজভবনের কাছে। ডালহৌসির এক বহুতলে ভয়াবহ আগুন। অফিসপাড়া বলে পরিচিত ডালহৌসিতে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে একাধিক দমকল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আগুন লেগেছে শরদ এনক্লেভে। বহুতলটি একটি বাণিজ্যিক ভবন। চারতলা ভবনের একদম টপ ফ্লোরে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন রাজ্যাপাল। কথা বলেন ডিজিপির সঙ্গেও। আগুন নেভাতে সেনা হেলিকপ্টার এনে উপর থেকে জল ছেটানো হবে কিনা, সেই বিষয়েই কথা হয় উভয়পক্ষের।
আগুন লাগতেই ঘন কালো কুণ্ডলী উঠতে দেখা যায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে, আগুন নেভানোর কাজ তদারকি করছেন। বহুতলের উপরাংশে ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, একটি এসি ফেটে গিয়েছে।
বহুতলে দাহ্যবস্তু মজুত ছিল বলে জানা যাচ্ছে। যে কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ২ জন জখম হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। একজনকে রাজভবনেই প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে। আরেকজনের শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁকেও এসএসকেএম-এ পাঠানো হয়েছে।
আরও পড়ুন, ভয়াবহ দুর্ঘটনা! সেতুর রেলিং ভেঙে নদীখাতে বাস, মৃত ২২
