- আগামী ৪৮ ঘণ্টায় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উইকএন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দু’এক জায়গায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিপাতের সম্ভাবনাও অপেক্ষাকৃত কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হতে চলেছে। দক্ষিণা বাতাসের জায়গায় প্রভাব বিস্তার করবে উত্তুরে হাওয়া।
- কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামী দুই দিন ধীরে ধীরে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আবহাওয়া। সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।
- পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
পুজোর আবহাওয়া নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, পুজোর সময় দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। নবমী এবং দশমীতে রাজ্যের কিছু কিছু জেলা যেমন কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে।
- কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমছে উত্তরবঙ্গে। সোম, মঙ্গলবার থেকে শুষ্ক হাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সামান্য বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এরপর বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
- অন্যান্য রাজ্যের আবহাওয়া…
আগামী ১৮ অক্টোবর পর্যন্ত কেরালা এবং মাহেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ১৮ অক্টোবর কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, জানা গিয়েছে এমনটাই। আগামী বৃহস্পতিবার থেকে দেশে কমবে বৃষ্টিপাতের পরিমাণ।
ব্রেকিং আপডেট পাওয়ার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল
