শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। সময় যত এগোচ্ছে, ততই ভিড় বাড়ছে নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয়। সকাল থেকে রাত, কল্যাণীতে জনস্রোত আইটিআই মোড়মুখী। এই বছর চিনের বিলাসবহুল হোটেল Grand Lisboa Macau-এর আদলে মণ্ডপ তৈরি করেছে আইটিআই-এর লুমিনাস ক্লাব। ইতিমধ্যেই সেরার সেরার শিরোপাও জিতে নিয়েছে এই ক্লাবের পুজো।

শুক্রবার বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩-এর জেলা ভিত্তিক ফলাফল ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই বিচারে নদিয়া জেলায় সেরার সেরা হয়েছে কল্যাণীর লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো। আর এই খবর ছড়িয়ে পড়ার পর ভিড় যেন আরও বেড়ে গিয়েছে লুমিনাস ক্লাবের মণ্ডপ চত্বরে।

বাজেট কত?
ছোট-বড় বিভিন্ন মাপের কাঁচ দিয়ে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। সঙ্গে করা হয়েছে ঝলমলে আলোকসজ্জা। আসল হোটেলটির মতোই হুবহু আলোকসজ্জার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। আর এত বড় আয়োজনের জন্য, বাজেট যে নেহাত কম নয়, তা খুব সহজেই অনুমান করা যাচ্ছে। বিষয়ে লুমিনাস ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস এই সময় ডিজিটালকে জানান এই বছর তাঁদের পুজোর বাজেট প্রায় ৫৫ লাখ টাকা।

বিপুল নিরপত্তা
লুমিনাস ক্লাবের এই বিশাল আয়োজন দেখতে শুধুমাত্র কল্যাণীবাসীই নন, নদিয়ার অন্যান্য জায়গা, এমনকী ভিন জেলা থেকেই দলে দলে যাচ্ছেন দর্শনার্থীরা। ৮ থেকে ৮০, কে নেই সেই ভিড়ে! আর তাই ভিড় সামাল দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মণ্ডপ সংলগ্ন এলাকায় রীতিমতো পুলিশের অস্থায়ী টেন্ট করা হয়েছে। এছাড়াও সদা তৎপর রয়েছেন ক্লাবের সদস্য ও কর্মকর্তারা। দর্শনার্থীরা যাতে নিময় লাইন দিয়ে ও নিয়ম মেনে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেন, তার জন্য সবসময়ই মাইকে চলছে ঘোষণা।

Kalyani ITI More Pandal 2023 : বিশ্ববাংলা শারদ সম্মানে নদিয়ার সেরার সেরা আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব, আর কারা পেল পুরস্কার?
কী ভাবে যাবেন?
অন্যদিকে যে সমস্ত দর্শনার্থীরা বাইরে থেকে ট্রেনে করে এই পুজো দেখতে যাচ্ছেন, তাঁদের জন্য রাস্তায় রয়েছে পর্যাপ্ত টোটো এবং অটো। সেক্ষেত্রে কল্যাণী স্টেশন থেকে মোটামুটি ২০ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবেন আইটিআই মণ্ডপের কাছেই। সেখান থেকে সামান্য হেঁটেই পৌঁছে যেতে পারবেন মণ্ডপে। পুজো ঘিরে রীতিমতো মেলার আকার ধারণ করেছে গোটা এলাকা। বসেছে বহু দোকান। রয়েছে বেশকিছু খাবার দোকানও। তাই ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেলে, সামান্য পেটপুজোও সেরে নিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version