প্রতারণার ফাঁদ পাতা ভুবনে। সরকারি চাকরি থেকে সহজে বালি–পাথর খাদানের লিজ টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে রেল পুলিশের হাতে গ্রেফতার দুই জালিয়াত। তাদের জালিয়াতির কাহিনি শুনলে চমক লাগবে।

কখনও কেন্দ্রীয় গোয়েন্দা তো কখনও রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিক সেজে নীল বাতির গাড়ি হাঁকিয়ে চলতেন দুই ব্যক্তি। মিথ্যে কথার জালে ফাঁসিয়ে তিন তিনটি বিয়ে সহ বহু নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। রোজ পাঁচতারা হোটেলে মদের আসর নারীসঙ্গ ছিল রুটিন। প্রতারণাকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বাগবাজারের বাসিন্দা প্রতাপ সরকার ও তার সঙ্গী মধ্য কলকাতার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্ত নেমে রাজ্য জুড়ে পাতা তাদের প্রতারণা চক্রের ফাঁদ ফাঁস করে রেল পুলিশ।

জানা গিয়েছে, একসময়ে সিপিএমের স্থানীয় লোকাল কমিটির সদস্য ছিলেন অভিযুক্ত প্রতারক প্রতাপ। পরে শাসক দলের বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান বলে খবর। তাদের অজান্তে তাদেরই নাম করে বিভিন্নজনকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতাতেন প্রতাপ ও সঞ্জীব। কাউকে গ্রুপ ডি পদে সরকারি চাকরি, কাউকে আবার বীরভূমের কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম করে বালি বা পাথর খাদানের লিজ টেন্ডার এবং ক্র্যাশারের লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ। এছাড়া সরকারি চাকুরে সেজে পাত্রীপক্ষকে বোকা বানিয়ে একসঙ্গে তিন তিনটি বিয়ে করার কুকীর্তিও রয়েছে প্রতাপ সরকারের। পাঁচতারা হোটেলে নিয়মিত পার্টিতে নিত্য নতুন মেয়েকে নিয়ে ফূর্তি। দামী গয়না উপহার দিয়ে সুন্দরীদের মন জয় করতেন প্রতাপ ও সঞ্জীব বলেও খবর।

Bandhan Bank Recruitment : ব্যাঙ্কে চাকরির নামে বড় ছক রাজ্যে! ফাঁদে পুলিশকর্তার মেয়ে
সূত্রের খবর, কলকাতা ও জেলা পুলিশ সহ মোট ১০টি বিভিন্ন ধরনের প্রতারণার মামলা রয়েছে এই দুই দাগী প্রতারকের নামে। কলকাতা ছাড়া বীরভূম, মালদা, হুগলি সহ বিভিন্ন জেলার কমপক্ষে ৪০ থেকে ৫০ জন এই দুই প্রতারকের শিকার। অবশেষে তারা পুলিশের জালে। কিন্তু এমন দুঁদে প্রতারককেরা ধরা পড়লেন কীভাবে? জানা গিয়েছে, এক যুবককে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন এই দুই প্রতারক। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চান যুবক। তিনিই বুদ্ধি করে দুই প্রতারককে কলকাতা স্টেশনে ডেকে জিআরপি-এর হাতে তুলে দেন। সেখানেই ফাঁস হয় দুজনের কীর্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version