Debangshu Bhattacharya Animal Movie : ‘মনে হচ্ছিল সাড়ে তিন ঘণ্টা…’, ‘অ্যানিমাল’-এর রিভিউ দেবাংশুর, টানলেন সিপিএমকেও – debangshu bhattacharya trinamool congress leader gives review of ranbir kapoor starrer animal movie


বলিউড তারকা রণবীর কপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে আলোচনা সর্বত্র। রণবীর কপুরের অভিনয় দেখে মুগ্ধ কেউ কেউ। আবার কারও মাথায় ঢোকেনি ছবির ‘প্লট’। মুক্তির পর থেকেই অ্যানিমাল নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। রণবীরের ছবি নিয়ে চর্চার মধ্যে এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই যুব তৃণমূল নেতা।

অ্যানিমাল কেমন লাগল দেবাংশুর?

বুধবার রাতে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানিমাল দেখার অভিজ্ঞতার কথা ভাগ করেছেন দেবাংশু। যুব তৃণমূল নেতা লেখেন, ‘অ্যানিমাল বলে একটা সিনেমা দেখলাম। মনে হল সাড়ে তিন ঘণ্টা ধরে মাংসের দোকানের সামনে বসে ছিলাম। বাড়ি গিয়ে স্নান করতে হবে। বাবা কেন চাকর, সিনেমার বলিউডি বদলা হিসেবে সিনেমার নাম হওয়া উচিত ছিল ‘টাইম দে বাওয়া’। সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে মজার ছলে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা। দেবাংশু লেখেন, ‘সিনেমাটা দেখে সিপিএম মজা পাবে। #সাঁইবাড়ি।’


১৯৭০ সালে বর্ধমানের সাঁইবাড়িতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কংগ্রেস সমর্থক তিন ভাই ও তাঁদের গৃহ শিক্ষককে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী তাঁদের মাকে রক্ত দিয়ে ভাত খাওয়ানোর অভিযোগও উঠেছিল। সেই প্রসঙ্গে টেনে সিপিএমকে এই তৃণমূল নেতা খোঁচা দিলেন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দেবাংশু ফেসবুক পোস্টের নীচে অসংখ্য নেটিজেন কমেন্ট করে রণবীর কপুরের এই ছবি নিয়ে নিজেদের মতামতের কথা জানিয়েছে। কেউ কেউ আবার সিপিএমের নাম টেনে আনার জন্য তৃণমূল নেতাকে কটাক্ষ করেছেন। অসীম মল্লিক নামে এক নেটিজেনের মতে, ‘মানি হাইস্ট দেখলাম। সিরিজটা দেখে বাংলার ক্ষমতাসীন এক রাজনৈতিক দলের কথা বারবার মনে পড়ছে।’

অ্যানিমাল নিয়ে চর্চা

চলতি বছর মুক্তি পাওয়া বলিউডি ছবিগুলির মধ্যে অন্যতম চর্চিত ছিল রণবীর কপুরের অ্যানিমাল। এই ছবি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির ট্রেলার দর্শকদের মন কাড়ে। ১ ডিসেম্বর রুপোলি পর্দায় মুক্তি পায় ছবিটি। বাবা ও ছেলের সম্পর্কের বিভিন্ন সমীকরণ বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সন্দীপ। তবে ছবির গল্প অধিকাংশ দর্শক ও ফিল্ম সমালোচকদের মনে দাগ কাটতে পারেনি। তবে রণবীরের অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ছবির ‘অ্যাকাশন’ দৃশ্য ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে খুশি অনেক দর্শক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *