বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি ধরনায় বসেছেন। তার আগেই কেন্দ্র থেকে পাওয়া গেল টাকা! সূত্রের খবর, জল জীবন মিশনের আওতায় রাজ্যকে ৪৫৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, কেন্দ্রের থেকে বকেয়া আদায়ের জন্য শুক্রবার রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই তিনি জানান, যদি রাজ্য প্রশাসন কেন্দ্রের নিয়ম মানে সেক্ষেত্রে তাড়াতাড়ি বকেয়া টাকা মিটিয়ে ফেলা হবে। উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এরই মধ্য়ে কেন্দ্রের টাকা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলেছেন রাজ্যপাল?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘বাংলার যে বকেয়া রয়েছে তা শীঘ্রই মিটিয়ে ফেলা হবে। তবে এক্ষেত্রে কেন্দ্র যে নিয়মগুলি উল্লেখ করেছে তা মানতে হবে। রাজ্যের কাছে একাধিক বিষয় নিয়ে কেন্দ্র প্রশ্ন করে। রাজ্য সেগুলির জবাব দিচ্ছে। কয়েকটি বিষয় নিয়ে আমিও পর্যালোচনা করছি। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে।’ পাশাপাশি একটি ভিডিয়ো বার্তায় বোসের দাবি, বাংলার মানুষ যাতে ন্যায় পান সেই কারণে মোদী সরকার পদক্ষেপ করছে।

উল্লেখ্য, কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার বকেয়া না মেটানোর অভিযোগ তুলেছে রাজ্য। এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের অন্যান্য সাংসদরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে গ্রাম সড়ক যোজনাতেও টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তিনি। সেই সময়ের মধ্য়ে টাকা না মেটালে ধরনায় বসবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ তিনি ধরনায় বসেছেন।

Mamata Banerjee : বকেয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘণ্টা ধর্নায় মমতা
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে একটি ভিডিয়ো বার্তায় সায়নী ঘোষ বলেন, ‘আজ মহাত্মা গান্ধী NREGA দিবস। কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকার বাংলার মা-ভাইবোন যাঁরা ১০০দিনের কাজ করেছে তাঁদের টাকা দেওয়া হচ্ছে না। আগামীদিনে আমাদের আন্দোলন আরও জোরাল হবে।’ তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘গত ২ বছর ধরে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্র। আমরা ধিক্কার জানাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version