এদিন সকাল থেকেই বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড় থেকে বুলডোজার দিয়ে দখলমুক্ত করার অভিযান শুরু হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এই সড়কের দু’ধারে ১০০ ফুট চওড়া জায়গা দখলমুক্ত করার কাজ চলছে।
অবৈধ দখলদার মুক্ত করার নোটিস মহকুমা শাসক জারি করেছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, মুনসুবা মোড় থেকে সানঘাটা পর্যন্ত দখলমুক্ত কাজের পর দ্বিতীয় দফায় রামপুরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত অভিযান হবে।
চলতি সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুরসভা, পুলিশ। লোকসভা নির্বাচন মেটার পরেই বিভিন্ন জেলার পুর প্রশাসক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে দ্রুত অবৈধ দখলদারি উচ্ছেদের ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। সমস্ত পুরসভা এলাকাতেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। শুক্রবারও সকল থেকে বোলপুর পুরসভার বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বোলপুর চৌরাস্তা থেকে চিত্রা মোড় হয়ে নিশা লজ পর্যন্ত উচ্ছেদ চলে। অন্যদিকে, বোলপুর চৌরাস্তা থেকে কাশিমবাজার পর্যন্ত বোলপুর পুরসভা এদিন পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালায়।
বিষয়টি নিয়ে বোলপুরের এসডিও অয়ন নাথ বলেন, ‘বোলপুরের এই রাস্তায় যেখানে পথচারীদের চলার কথা, সেখানে স্থায়ী কিছু দোকান ফুটপাথের উপর কিছু স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করেছে। সেখানে আজকে ওঁদেরকে আমরা সতর্ক করলাম। কিছু অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’