BHANGAR COLLAGE,বিদায় নিল বাহিনী, আজ থেকে ছন্দে ভাঙড় কলেজ – central force leave bhangar college after one month of 2024 lok sabha election


এই সময়, ভাঙড়: অনেক আন্দোলন, চিঠি চাপাটির ফল মিলল। অবশেষে ভাঙড় কলেজ থেকে সরে গেল কেন্দ্রীয় বাহিনী। টানা আড়াই মাসেরও বেশি সময় ভাঙড় কলেজের ২৫টি রুম দখল করে দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। যার জেরে পঠনপাঠন, পরীক্ষা সব কিছুই বন্ধ হতে বসেছিল। অবশেষে সোমবার ভাঙড় কলেজ থেকে প্রায় ২০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লোটা কম্বল গুটিয়ে চলে যাওয়ায় স্বস্তি পেয়েছেন কলেজের অধ্যাপক, পড়ুয়া সবাই।কলেজের অধ্যক্ষ বীরবিক্রম রায় বলেন, ‘বাহিনী চলে যাওয়ায় কলেজের স্বাভাবিক পঠনপাঠন, বিশ্ববিদ্যালয়রের পরীক্ষা, নতুনদের ভর্তি প্রক্রিয়া স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করছি। এ ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বাহিনী থাকলে পড়াশোনা ব্যাহত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অধিকার সবার আগে।’

ভাঙড় কলেজে প্রায় সাত হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। এ বার লোকসভা নির্বাচন উপলক্ষে ওই কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য ছাত্র-ছাত্রীদের কমনরুম, শৌচালয় থেকে শুরু করে ২৫টি ক্লাস রুম নেওয়া হয়েছিল। নতুন শিক্ষাবর্ষে ভাঙড় কলেজে ভর্তির জন্য চার হাজার ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করেছে। কর্তৃপক্ষের আশা, সেখান থেকে অন্তত দেড় হাজার পড়ুয়া ভর্তি হবে এ বার। সব মিলিয়ে সাড়ে আট হাজার পড়ুয়ার জন্য কলেজের সব ক’টি ক্লাসরুম, শৌচালয় দরকার।

আড়াই মাস স্কুল বন্ধ, রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের
ভোট মিটে যাওয়ার পরেও কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে, স্থানীয় থানা, ব্লক প্রশাসনকে সমস্যার কথা জানান। কলেজে বাহিনী থাকা নিয়ে পড়ুয়ারা আন্দোলনের হুমকি দেয়। তার পরই এ দিন তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীকে ভাঙড় কলেজ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কলেজ সূত্রে খবর, আজ, মঙ্গলবার থেকে চতুর্থ সেমেস্টারের ইন্টারনাল ও টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে। অন্যান্য বর্ষের ক্লাসও শুরু হবে স্বাভাবিক ছন্দে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *