শুক্রবার ঘটনাস্থলে যান সিইএসসির আধিকারিকরা। তাঁরা জানান, ঘটনাস্থলে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। এই নির্মাণস্থলের মিটার থেকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল কিছু দূরের একটি ভগ্নপ্রায় বাড়িতে। সেই তার ছিঁড়েই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
বারবার সচেতন করা সত্ত্বেও সিইএসসির গাইডলাইন মানছেন না অনেকেই, অভিযোগ এমনটাই। এ দিন সংশ্লিষ্ট বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী অভিযোগ করেন, ওই বহুতল থেকে অবৈধভাবে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সিইএসসিকে বলেছেন তিনি। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কোনও গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ করা হবে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ৮০ নম্বর ভৈরব ঘটক লেনের নির্মীয়মাণ বহুতলটি বেআইনি। তাঁদের আরও অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় সেখানে। এই বিষয়ে উদাসীন পুরসভা, অভিযোগ এমনটাই। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘নিকাশি ব্যবস্থার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। যদি ওই বহুতলটি বেআইনি হয় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
