পুলিশের তরফে আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের ২০ জনের প্রতিনিধি দলকেই যেতে দেওয়া হবে। যদিও, পুলিশের দাবি মানছেন না আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্রতিনিধি কিঞ্জল নন্দ বলেন, ‘আমাদের পুলিশ জানিয়েছিল বেন্টিঙ্ক স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত মিছিল যেতে দেওয়া হবে। কিন্তু এখন পুলিশ যেতে দিচ্ছে না। আরও অনেক আগেই মিছিল আটকে দিয়ে বলা হচ্ছে, ২০ জনের প্রতিনিধি দল পাঠান। পুলিশের কথা মানবেন না, এই নয়া দাবি মানবেন না চিকিৎসকেরা।’
সোমবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মেলান এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও। সিপি-র পদত্যাগের দাবি তুলে মিছিল এগোতে থাকে লালবাজারের দিকে। অন্যদিকে, বৌবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিটে লোহার উঁচু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে পুলিশ। প্রায় ন’ফুট উঁচু গার্ডরেল বসিয়ে ঘিরে দেওয়া হয়। যদিও, এখনও সন্ধ্যা পর্যন্ত কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি। মিছিল আটকে দেওয়ার পর পুলিশের সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয় আন্দোলনকারীদের। তবে, সেই আলোচনায় সমাধান সূত্রে না বের হওয়ায় রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।