সাইক্লোন ‘দানা’-র প্রভাব অনেকটাই কমেছে। তবে শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গ অবশ্য শুষ্ক থাকবে। ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা উত্তর ওডিশা থেকে আরও শক্তিক্ষয় করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। শনিবার গভীর নিম্নচাপও ক্রমশ শক্তি হারাবে।

শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা?

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে ভারী বৃষ্টি। শনিবারও কি দুর্যোগের পূর্বাভাস? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি মূলত শুষ্ক থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এ দিন সকাল থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবারও শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। দু’এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে শহরে বৃষ্টিপাত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অপেক্ষাকৃত কমবে। শুষ্ক থাকবে আবহাওয়া।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকার দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version