জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে পা রাখলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার ইংরেজি সিনেমা পরিচালনা করতে চলেছেন তিনি। শার্লক হোমস স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েলকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন সৃজিত। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস।’ ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে সোমবার লন্ডনের সাংবাদিক বৈঠক থেকে এই সুখবর দিলেন পরিচালক। এই ছবির যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।
আরও পড়ুন:KIFF 2025: নির্মমতার বিরুদ্ধে রুদ্রজিতের প্রতিবাদ! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় ‘পিঞ্জর’…
এই ছবিতে উঠে আসবে স্যর আর্থার কোনান ডয়েলের (Arthur Conan Doyle) বহুমুখী জীবন— লেখক, চিকিৎসক, মানবতাবাদ, সবকটি দিক একসঙ্গে। সঙ্গে থাকবে তাঁর অমর সৃষ্টি, শার্লক হোমস, প্রথম প্রদর্শনের এক শতাধিক বছর পরেও জনপ্রিয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে।
গল্পের বিন্যাসেও থাকছে অভিনব ছোঁয়া। বাস্তব জীবনের ডয়েল এবং তাঁর কল্পিত চরিত্র হোমস একসূত্রে গাঁথা হবে ন্যায়বিচার, সত্যের অনুসন্ধান আর মানবিকতার গল্পে। পরিচালকের কথায়, এই ছবি কেবল জীবনী নয়— এটি একটি সংলাপ, যেখানে বর্তমানের সৃজিত কথা বলছেন তাঁর শৈশবের সেই কিশোরের সঙ্গে, যে একদিন হোমসের পাতায় খুঁজে পেয়েছিল কল্পনার জাদু।
ছবির ঘোষণার দিন যুক্তরাজ্য ও ভারত থেকে চলচ্চিত্র নির্মাতা, লেখক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিনিধি, পাশাপাশি উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি প্রতিনিধি একত্রিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিকা চাড্ডা (BFI বোর্ডের গভর্নরের সদস্য), আগনিশকা মুডি (BFI-এর আন্তর্জাতিক প্রধান), আরিকে ওকে (BFI আর্কাইভ প্রধান), ব্রিওনি হ্যানসেন (ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র প্রধান), মিরান্ডা গাওয়ার-কিয়ান (BFI সাংস্কৃতিক সম্পর্ক বিভাগ) এবং লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল ও টংস অন ফায়ার ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভালের প্রতিনিধি। কনান ডয়েল এস্টেটের পক্ষ থেকে CEO টিম হাবার্ড এবং ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুই দেশের গল্প বলার ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতিফলন ঘটিয়েছে এবং একটি বড় আন্তর্জাতিক সহযোগিতার সূচনা করেছে।
অনুষ্ঠানের সময় কোনান ডয়েলের জীবনের বিভিন্ন দিক দেখানোর জন্য একটি প্রদর্শনীও রাখা হয়েছিল। যেখানে তাঁর সাহিত্য, আইন ও সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়। চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, এই ছবিটি কোনান ডয়েলের কল্পনা শক্তি ও নৈতিক সাহসকে উদযাপন করবে।
তবে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলেও, ঠিক কবে থেকে শুটিং শুরু হবে সেটা এখনও স্পষ্ট নয়। এই ছবিতে কারা অভিনয় করবেন, সেটাও আড়ালে। আপাতত কবে সেই রহস্যের পর্দা উন্মোচন করেন সৃজিত, অপেক্ষা তার-ই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
