জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর এখনও ভোলেনি অলিপাবের সেই বিতর্কিত ভিডিওর কথা। ধর্মের দোহাই দিয়ে বিভেদ সৃষ্টির অভিযোগে উত্তাল হয়েছিল নেটপাড়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুখোমুখি সংঘাতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী তথা ইউটিউবার অনন্যা গুহ। অলিপাব কাণ্ডে নেটিজেনদের রোষের মুখে আগেই পড়েছিলেন অনন্যা ও সুকান্ত, এবার সরাসরি রাহুলের সঙ্গে বিবাদে জড়ালেন তিনি।
আরও পড়ুন- Salim Khan Hospitalized: মস্তিষ্কে রক্তক্ষরণ! ভেন্টিলেশনে সেলিম খান, উদ্বেগে সলমানের পরিবার…
সম্প্রতি একটি নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার পরিষেবায় ক্ষুব্ধ হয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন রাহুল। মাস ছয়েকের মধ্যে গাড়ি চারবার খারাপ হওয়ায় নিজের বিরক্তি উগড়ে দেন তিনি। এই ভিডিও দেখেই সুযোগ বুঝে পাল্টা তোপ দাগেন অনন্যা গুহ। নাম না করে তিনি লেখেন, “ফেসবুকে ভিডিও করা নিয়ে তো খুব সমস্যা ছিল বলেছিলেন। গাড়ি খারাপ হলে কি ফেসবুকটাকে সার্ভিস সেন্টার ভেবে ফেলেছেন?” অনন্যার এই খোঁচায় যোগ দেন তাঁর দিদি অলকানন্দাও। তিনি রাহুলের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দাবি করেন, রাহুল নাকি তাঁদের নামে মিথ্যে গল্প বানিয়ে টাকা কামিয়েছেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সচরাচর চুপ থাকার পাত্র নন। অনন্যার পোস্ট নজর এড়াতেই তিনি সপাটে জবাব দেন। সরাসরি অনন্যাকে ‘ভীতু’ সম্বোধন করে রাহুল মনে করিয়ে দেন কন্টেন্ট এবং কেরিয়ারের পার্থক্য। রাহুল লেখেন, “অনন্যা এত ভীতু কেন তুমি?পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে করো। আমি যখন বলছি গাড়ি 6 মাসে ৪ বার খারাপ হয়েছে গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টারে গেছে। কিন্তু নতুন গাড়ি এতবার সার্ভিস সেন্টার যাবে কেন আর মানুষ ঠেলবেই বা কেন? আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি। কোটি টাকার কোম্পানি, কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি। আমি ৯০টা ছবি করেছি ডার্লিং,খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি। কাজেই,তফাৎ ছিল আছে থাকবে।”
রাহুলের এই মন্তব্যে পরিষ্কার যে, তিনি অলিপাবের সেই পুরনো ভিডিওর দিকেই ইঙ্গিত করেছেন যেখানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল। ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট নির্বাচন নিয়ে রাহুল আগে থেকেই সরব ছিলেন। এবার ব্যক্তিগত আক্রমণ আসতেই তিনি পেশাদারিত্ব এবং নৈতিকতার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।সোশ্যাল মিডিয়ায় এই ‘ঠাণ্ডা লড়াই’ এখন রীতিমতো দাবানল। একদিকে যখন অনন্যা-অলকানন্দারা রাহুলকে বিঁধছেন, অন্যদিকে নেটনাগরিকদের বড় অংশ রাহুলের স্পষ্টবাদিতাকেই সমর্থন জানাচ্ছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
