West Bengal
-Ritesh Ghosh
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, তার ঘোষণা আজই হতে চলেছে। নতুন সরকারের যাত্রা শুরুর আগে গেরুয়া শিবিরে এখন চূড়ান্ত তৎপরতা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে আজ কলকাতায় এসে পৌঁছলেন।
এদিন সকালে তিনি কলকাতা পৌঁছন। বিমানবন্দরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে শাহ প্রথমে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেন।

এরপর নিউটাউনের একটি হোটেলে ফিরে অমিত শাহ রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে একান্তে বৈঠক করেন। বিকেল ৩টে নাগাদ তিনি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। তারপরই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে।
অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যে একাধিক উপমুখ্যমন্ত্রী থাকলেও, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারে সেই পদ থাকবে কিনা তাও আলোচনা শেষে জানা যাবে। বৈঠকের পর শনিবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণেও উপস্থিত থাকবেন অমিত শাহ।
শনিবার ব্রিগেডে নতুন বিজেপি সরকারের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার গেরুয়া শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, যা রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “৮ তারিখ সন্ধেবেলা বিধায়ক দলের বৈঠক। ৯ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান সকাল ১০ টায়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই এই অনুষ্ঠানে উপস্থিতির কথা জানিয়েছিলেন। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর।
English summary
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। আজ বিকেলে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হবে। আগামী ৯ মে শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, যা দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটাবে।