West Bengal
-Ritesh Ghosh
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যে আসন পুনর্বিন্যাস (delimitation) হতে পারে। এর ফলে বিধানসভা কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং একটি নতুন বিধানসভা ভবন তৈরির প্রয়োজন দেখা দিতে পারে।
স্পিকার রথীন্দ্র বসুর নির্বাচনের পর বিধানসভার ভিতরেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি হাউসকে বলেন যে, আগামী বছরগুলিতে বিধানসভার পরিকাঠামোয় বড় পরিবর্তন আনা আবশ্যক হতে পারে।

তিনি যোগ করেন, “ভবিষ্যতে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আজ এখানে উপস্থিত রাজ্য সরকারের আধিকারিকরা এই ঐতিহাসিক সেশনের সাক্ষী। যদি ডিলিমিটেশন হয়, তাহলে বিধানসভার আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের একটি নতুন বিধানসভা ভবন নির্মাণের প্রয়োজন হতে পারে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্রের দেশব্যাপী আসন পুনর্বিন্যাসের প্রচেষ্টার সঙ্গে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৯ সালে আইনসভায় মহিলাদের জন্য সংরক্ষণ ও লোকসভা আসন বৃদ্ধির একটি সংবিধান সংশোধনী বিল গত ১৭ এপ্রিল লোকসভায় পরাজিত হয়েছে।
এর জেরে পশ্চিমবাংলায় অসমের মতো ডিলিমিটেশন প্রক্রিয়া আসতে পারে কিনা, তা নিয়ে জল্পনা বাড়ছে। ২০২৩ সালে অসমে এই প্রক্রিয়া চলেছিল, যেখানে বিরোধী দলগুলি অভিযোগ তুলেছিল যে এতে সংখ্যালঘু ভোটারদের গুরুত্ব কমেছে।
