Kolkata
-Ritesh Ghosh
আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টে নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠিত হল। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল। এই ঘটনায় অভয়ার পরিবার ফের সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছে।
সিবিআই ইতিমধ্যে এই কাণ্ডকে ‘বিরলের থেকে বিরলতম’ আখ্যা দিয়ে অভিযুক্তদের ফাঁসির আবেদন জানিয়েছে উচ্চ আদালতে। নতুন ডিভিশন বেঞ্চেই অভয়া পরিবারের আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের অনুমতিসহ অন্যান্য আবেদনের শুনানি হবে। গত ১২ মে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানোর ভিত্তিতেই এই নতুন বেঞ্চ গঠিত হয়েছে।

মনে করা হচ্ছে, আগামী সোমবারই অভয়ার পরিবারের আইনজীবীরা নতুন বেঞ্চে দ্রুত শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করবেন। এর পাশাপাশি, ক্ষমতায় এসেই রাজ্য সরকার আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ নিয়েছে। নির্যাতিতা চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর পুলিশের নিষ্ক্রিয়তা, এফআইআর-এ দেরি এবং গাফিলতির অভিযোগে তিন জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে।
সাসপেন্ড হওয়া অফিসাররা হলেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, তৎকালীন পুলিশ আধিকারিকদের আরজি কর কাণ্ডে ভূমিকা তদন্ত করে দেখা হবে, তবে রাজ্য সরকার সিবিআইয়ের মূল তদন্তে হস্তক্ষেপ করবে না। এছাড়া অভয়ার পরিবারকে পুলিশের তরফে ঘুষ দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হবে।
English summary
কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের মামলায় বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি। আগামী সোমবার মামলাটির দ্রুত শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, তদন্তে গাফিলতির অভিযোগে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলসহ তিন জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। সিবিআই তদন্তে নিহতের পরিবারের আরজি মেনে ফাঁসির আবেদন করেছে।